এথেন্স, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিসে সরকারের নতুন ব্যয়সঙ্কোচন নীতির প্রতিবাদে রাজধানী এথেন্সে ধর্মঘট চলাকালে বুধবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।
এতে ৭ বিক্ষোভকারী এবং দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এথেন্সে পার্লামেন্টর বাইরে জড়ো হওয়া কয়েকশ' বিক্ষোভকারী পুলিশের দিকে পাথর ও পেট্রোল বোমা ছুড়লে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছুড়ে পুলিশ।
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকটি গ্রুপের নিজেদের মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া, ৪০ জনকে আটক করা হয়েছে বলেও পুলিশ জানায়।
ইইউ এবং আইএমএফ এর বেইল আউট-প্যাকেজের জন্য প্রয়োজনীয় নতুন ব্যয়সঙ্কোচন পদক্ষেপ নিয়ে পার্লামেন্টে এমপিদের বিতর্কের প্রস্তুতির মুহূর্তে পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হয় বিক্ষোভকারীরা।
সিন্টাগমা স্কয়ারে জড়ো হয়ে তারা 'চোর ও ধোঁকাবাজ' শ্লোগান দিয়ে বিক্ষোভ করে। 'অর্থ কোথায় গেল' তাও তারা জানতে চায়। আইনপ্রণেতাদের পার্লামেন্টে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা নেয় তারা।
ওদিকে, শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটে যোগ দিয়েছে হাজার হাজার মানুষ। ধর্মঘটে অচল হয়ে পড়েছে হাসপাতাল, যোগাযোগ ব্যবস্থাসহ সব জনসেবা খাত।
সরকারের কঠোর ব্যয়সঙ্কোচন পদক্ষেপের বিরুদ্ধে গ্রিসে তৃতীয়বারের মতো এ ধর্মঘট শুরু হয়েছে।
জনসেবা বিভাগের কর্মী মারিয়া জর্জিলা রয়টার্সকে বলেন, "আমার রাগ হচ্ছে, ঘৃণা হচ্ছে। এটা খুবই কঠিন পথ হয়ে যাচ্ছে। তারা আমাদের এ সংকট থেকে বের করবে না। তাদের কাছে কোনো বিকল্প পথ নেই তা বিশ্বাস করি না।"
পুলিশ শহরের বড় একটা অংশ অবরোধ করে রেখেছে। পার্লামেন্ট ভবনের সামনেও ব্যারিকেড দিয়ে রেখেছে।
গ্রিসের প্রধান দুটি শ্রমিক ইউনিয়ন শহরের কেন্দ্রস্থলে একটি শান্তিপূর্ণ মিছিলের পরিকল্পনা করেছে। তবে গ্রিসে প্রায়ই এ ধরনের মিছিল সহিংস হয়ে ওঠে।
সরকার ২৮ বিলিয়ন ইউরো বাঁচাতে এ বছর কর বাড়ানো এবং সুযোগ-সুবিধা ভাতার পরিমাণ কমানোসহ বেশ কিছু ব্যয়সঙ্কোচন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে।
২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সরকার। এর প্রতিবাদেই বিক্ষোভে রাস্তায় নেমেছে জনতা।
গ্রিকদের প্রায় সবাই বিশেষ করে নতুন প্রজন্মের গ্রিকরা সর্বশক্তি দিয়ে সংগ্রাম লড়ে যাওয়ার দাবি জানাচ্ছে। এ সংগ্রাম দেশের ভবিষ্যৎকে অতল গহ্বরের মুখে ঠেলে দেওয়ার মতো বিপর্যয়কর দেউলিয়াত্বকে পাশ কাটিয়ে যাওয়ার সংগ্রাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৫৫ ঘ.
bdnews24