২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওসামার দেহের সন্ধানে

নিহত ওসামা বিন লাদেনের মৃতদেহ খুঁজতে সাগরতলে নামার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক ডুবুরি। আল কায়দা নেতা সত্যিই মারা গেছেন কি না, তা নিশ্চিত হতে চান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 04:00 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিহত ওসামা বিন লাদেনের মৃতদেহ খুঁজতে সাগরতলে নামার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক ডুবুরি। আল কায়দা নেতা সত্যিই মারা গেছেন কি না, তা নিশ্চিত হতে চান তিনি। ৫৯ বছর বয়সি ওই ডুবুরির নাম বিল ওয়ারেন। তিনি নিউ ইয়র্ক পোস্টকে বলেন, "আমি একজন দেশপ্রেমিক আমেরিকান। আমি সত্য ঘটনাটি জানতে চাই। নিশ্চিত হতে চাই, আল কায়দা নেতা আসলেই মারা গেছেন কি না।" গত ১ মে রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে অ্যাবোটাবাদ এলাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ একদল সৈন্যের অভিযানে নিহত হন আল কায়দার শীর্ষ নেতা। বিন লাদেনের মরদেহ সাগরে ফেলে দেওয়া হয়েছে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ক্ষেত্রে যুক্তি দেখানো হয়েছে, মাটিতে তাকে সমাধিস্থ করলে ওই স্থানটি সন্ত্রাসবাদের তীর্থ হয়ে উঠতে পারে। টুইন টাওয়ারে হামলার পরিকল্পনার জন্য আল কায়দার শীর্ষ নেতাকে দায়ী করা হয়। ২০০১ সালের ওই হামলায় ৩ হাজারের বেশি মানুষ মারা যায়। ওই হামলার পর থেকে বিন লাদেনকে যুক্তরাষ্ট্র খুঁজতে থাকলেও তাকে পাওয়া গেলো ১০ বছর পর। আল কায়দা বিন লাদেন নিহত হওয়ার বিষয়টি স্বীকার করে নিলেও বিশ্বের অনেকে এখনো সন্দিহান, তিনি আসলেই মারা গেছেন কি না। ওয়ারেন বলেন, "আমার এক জন রুশ বান্ধবী আছেন। সে বলেছে, বিন লাদেন যে নিহত হয়েছে, তা তাদের ওখানে অনেকেই বিশ্বাস করে না।" "আমিও আমার সরকারকে বিশ্বাস করি না। এমনকি প্রেসিডেন্ট বারাক ওবামাকেও না", বলেন তিনি। সাগরতলে অভিযানে খরচাপাতির একটি হিসাবও দাঁড় করিয়েছেন ওয়ারেন। এতে খরচ হবে ৪ লাখ ডলার। কয়েকটি তরী নিয়ে কাজ শুরু করবেন তিনি। বিন লাদেনের দেহ পাওয়া গেলে ডিএনএ টেস্ট করানোর সুবিধাও নৌকায় থাকবে বলে ওয়ারেন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০০০ ঘ.