২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বন্যা ও ভূমিধ্বসে নিহত ৯৪

প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে চীনে ৯৪ জন নিহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 09:20 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

বেইজিং, ১২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে চীনে ৯৪ জন নিহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের উয়িয়াংয়ে শনিবার টানা ছয় ঘণ্টা দুইশ' মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন। এ ধরনের বৃষ্টিপাত একসময় প্রতি তিনশ' বছরে একবার হতো বলে স্থানীয় আবহাওয়া কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। উয়িয়াংয়ের মাওজিয়াজু গ্রামে ভূমিধ্বসে ২৪টি ঘর চাপা পড়ে অন্তত ২০ জন নিহত হয়। নিখোঁজ হয়েছে সাত জন। কর্মকর্তারা বলেন, শনিবার রাত পর্যন্ত ১৩টি প্রদেশে বন্যা ও ভূমিধ্বসে ৯৪ জন নিহত এবং ৭৮ জন নিখোঁজ হয়েছেন। এছাড়া ১৮'শ বর্গ মাইল এলাকার ক্ষেতের ফসল নষ্ট হয়েছে ও পাকা দালানসহ ২৭ হাজার ১'শ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব নিহতদের মধ্যে মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের সিয়ানিং এলাকায় বন্যায় মারা যাওয়া ২৩ জন রয়েছে। সেখানে আহত হয় একশ' জন। নিখোঁজ রয়েছে ১০ জন। প্রাদেশিক সরকারের উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়, সাম্প্রতিক খরায় ওই অঞ্চলের মাটি শুকিয়ে যাওয়ায় প্রবল বৃষ্টিপাতের ফলে এখন ভূমিধ্বসের ঝুঁকিও বেড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/১৪৫০ ঘ.