নয়া দিল্লি, জুন ১২ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের মুম্বাই শহরে বন্দুকধারীর গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন।
নিহত সাংবাদিকের নাম জ্যোর্তিময় দে (৫০)। তিনি 'মিড ডে' নামের একটি পত্রিকার হয়ে কাজ করতেন।
মুম্বাই পুলিশ জানিয়েছে, শনিবার দুপুর আড়াইটায় মুম্বাইয়ের পোয়াই এলাকায় নিজ বাসভবনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন জ্যোর্তিময়। তাকে গুলি করে মোটর সাইকেলযোগে পালিয়ে যায় চার সন্ত্রাসী।
অপরাধ বিষয়ক ও অনুসন্ধানী প্রতিবেদক জ্যোর্তিময় মুম্বাইয়ের অপরাধী চক্র নিয়ে কয়েকটি বইও লিখেছিলেন।
'মিড ডে' পত্রিকার নির্বাহী সম্পাদক শচীন কালবাগ এক বিবৃতিতে বলেন, "অনুসন্ধানী সাংবাদিকতায় গভীরতা এনেছিলেন জ্যোর্তিময়। অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতেন তিনি।"
ভারতের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী অম্বিকা সোনি বলেছেন, এ হত্যাকাণ্ড সংবাদপত্রের স্বাধীনতার জন্য চ্যালেঞ্জ।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চ্যবন বলেন, হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/এমআই/১২০০ ঘ.
bdnews24