জাতিসংঘ, ১১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়া সরকারের বিরুদ্ধে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) কয়েকটি রাষ্ট্রের খসড়া নিন্দা প্রস্তাবে 'চরমপন্থী ও সন্ত্রাসীরা' মদদ পাবে বলে জাতিসংঘকে হুঁশিয়ার করেছে সিরিয়া।
জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে পাঠানো সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়ালেমের একপত্রে এ হুঁশিয়ারি জানায় সিরিয়া ।
জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে পাঠানো চিঠিটি শুক্রবার রয়টার্স সংগ্রহ করেছে বলে জানা গেছে।
চিঠিতে ওয়ালিদ বলেন, "জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য সিরিয়ার আভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ করা উচিত হবে না।"
ওয়ালিদ আরো বলেন, "আমরা পুরোপুরি নিশ্চিত, যে কোনো সরকারের প্রস্তাবিত কোনো প্রস্তাব যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত হয়, তবে তা পরিস্থিতিকে আরো খারাপ করে তুলবে। আর এরফলে চরমপন্থী ও সন্ত্রাসীরা এমন ইঙ্গিতই পাবে, তারা যে ধ্বংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে তার প্রতি নিরাপত্তা পরিষদের সমর্থন আছে।"
বিক্ষোভকারীদের বিরুদ্ধে সিরীয় সরকারের দমননীতির প্রতি নিন্দা এবং দেশটির নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে নতুন একটি খসড়া প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পেশ করে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও পর্তুগাল।
কিন্তু স্থায়ী সদস্য রাশিয়া ও চীন নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিষয়ে কোনো আলোচনা করার ব্যাপারে একমত নয়। এ ধরনের কোনো প্রস্তাব নিরাপত্তা পরিষদে তোলা হলে ভেটো ক্ষমতা প্রয়োগ করে তা বাতিল করা হবে বলে হুমকি দিয়েছে রাশিয়া ও চীন।
লেবানন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাও বলেছে প্রস্তাবের বিষয়বস্তুর ব্যাপারে তাদের ভিন্নমত রয়েছে।
বুধবার জমা দেওয়া প্রস্তাবটি আগামী সপ্তাহে ভোটাভুটির জন্য উত্থাপিত হতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘে নিয়োজিত বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫৫৩ ঘ.
bdnews24