২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আত্মঘাতী হামলায় নিহত

সোমালিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আবদি শাকুর শেখ হাসান আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন। আর এই হামলা চালিয়েছে তারই এক নিকটাত্মীয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 05:10 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

মোগাদিশু, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আবদি শাকুর শেখ হাসান আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন। আর এই হামলা চালিয়েছে তারই এক নিকটাত্মীয়। শুক্রবার রাজধানী মোগাদিশুতে নিজ বাড়িতে তিনি এ হামলার শিকার হন। আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয় বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রী "হাসপাতালে মারা গেছেন।" বিবৃতিতে আরো জানানো হয়, "আমাদের কাছে থাকা তথ্যানুযায়ী ধারণা করা হচ্ছে, মন্ত্রীর তরুণ ভাগ্নী অথবা ভাতিজি এই হামলা চালিয়েছে।" কর্তৃপক্ষ জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর ওই আত্মীয় ইসলামি জঙ্গি গোষ্ঠী আল শাবাবের সঙ্গে যোগ দিয়েছিল। ইতোমধ্যে ওই হামলার দায় আল শাবাব স্বীকার করেছে এবং আরো হামলার হুমকিও দিয়েছে বলে বিবিসি জানায়। এ ঘটনা সম্পর্কিত সরকারের বিবৃতি অন্যান্য নিরাপত্তা সংশ্লিষ্টসূত্রগুলো নিশ্চিত করেছে। জানা গেছে মন্ত্রীর নিকটাত্মীয় ওই নারী গত তিনদিন ধরে ওই বাড়িতেই অবস্থান করছিলেন। রেডিও মোগাদিশুতে তথ্যমন্ত্রী আবদুল করিম জামা বলেন, "এক সন্ত্রাসী হামলায় মন্ত্রী নিহত হয়েছেন।" পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বোমার আঘাতে স্বরাষ্ট্রমন্ত্রী আবদি শাকুরের একটি পা উড়ে যায়। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশেও মারাত্মক জখম হয়। শাকুরের গাড়িচালক আহমেদ মোহামেদ জানান, "মুখঢাকা বোরখা পরিহিত এক নারী যখন বাড়ির ভেতরে ঢোকে, তখন আমি গেটের কাছে ছিলাম। তার কিছুক্ষণ পরই আমি প্রচন্ড বিস্ফোরণের শব্দ শুনতে পাই। আমি দ্রুত তার (মন্ত্রী) কক্ষে যাই এবং তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি।" ওই ড্রাইভার আরো বলেন, "ওই নারী এই বাড়িতে নিয়মিত আসা-যাওয়া করতো, কখনোই তাকে সন্দেহ করা হতো না কিংবা তল্লাশি করা হতো না। সে সবসময় মুখঢাকা বোরখা পড়ে আসতো। কিন্তু আজ সে বোরখার নিচে বিস্ফোরক বেঁধে নিয়ে এসেছিল।" আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন আল শাবাব। সাম্প্রতিক মাসগুলোতে আল শাবাব সোমালিয়ার সরকার ও আফ্রিকান ইউনিয়নের সেনা বাহিনীর অভিযানে ওই অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ কমতে শুরু করেছে। ওই জঙ্গি গোষ্ঠীটি এখনো সোমালিয়ার দক্ষিণ ও মধ্যাঞ্চলের অনেক অংশ নিয়ন্ত্রণ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৫৭ ঘ.