ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ৫২ জনের প্রাণহানি হয়েছে। এতে নিখোঁজ হয়েছে ৩৭ জন। ফলে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এনডিটিভি বুধবার জানায়, গুইজহু প্রদেশের ওয়াঙমো কাউন্টিতে বৃষ্টির কারণে বন্যা দেখা দিলে এ ঘটনা ঘটে।
বন্যায় রাস্তা, সেতুসহ হাজার হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খবরে জানানো হয়।
ওয়াঙমো কাউন্টির প্রায় ৪৫ হাজার অধিবাসীকে সোমবার বন্যার কারণে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে আঞ্চলিক বন্যা প্রতিরোধ কার্যালয়ে কর্মরত ট্যাঙ কুয়ানসু জানান।
কুয়ানসু আরো জানান, বন্যায় প্রায় ৮শ' বাড়ি ধসে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আরো প্রায় ৫ হাজার ঘর-বাড়ি। এ ছাড়াও প্রায় ৫০ বর্গমাইল কৃষিজমি পানিতে তলিয়ে গেছে।
ওয়াঙমো কাউন্টির বন্যা প্রতিরোধ কর্মকর্তাদের বরাত দিয়ে সিনহুয়া জানায়, ওই কাউন্টির বিভিন্ন শহরে বন্যার কারণে বিদ্যুৎ, পানি সরবরাহ এবং টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। প্রায় ৮০ লাখ মানুষ দুর্দশা কবলিত হয়েছে।
রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বন্যায় ৫ শতাধিক যান-বাহন ভাসিয়ে নিয়ে গেছে বলে কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৩৬ ঘ.
bdnews24