লিমা, ০৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বামপন্থী সাবেক সেনা কমান্ডার ওলানতা হুমালা পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। নির্বাচিত হয়েই তিনি দেশের সম্পদের ওপর দরিদ্রদের অধিকার থাকবে বলে ঘোষণা দিয়েছেন।
হুমালার জয়ে পেরুর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে এই শংকায় দেশটির অর্থবাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দেশটির মোট ভোটারের ৯২ শতাংশ ভোটার জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন। এরমধ্যে ৫১ দশমিক ৫ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন হুমালা।
কারাগারে বন্দি প্রাক্তন প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির মেয়ে ডানপন্থী কেইকো মুজিমোরি নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন।
কেইকো মুজিমোরি সোমবার পরাজয় মেনে নিয়েছেন।
হুমালার বিজয়ে সমর্থকরা যখন রাস্তায় নেমে উল্লাস করছে তখন পেরুর পুঁজিবাজারে শেয়ার বিক্রির হিড়িক লেগে যায়। লেনদেন বন্ধ হওয়ার আগ পর্যন্ত প্রধান সূচকের ১২ দশমিক ৫ শতাংশ পতন হয়েছে, যা পেরুর পুঁজিবাজারের ইতিহাসে সর্বোচ্চ।
পুঁজিবাজারে সূচকের পতন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের চেষ্টা সত্বেও দেশটির মুদ্রার (সল) মান ১ শতাংশ হ্রাস পেয়েছে। খনিজ কোম্পানিগুলোর শেয়ারের মূল্য ১৫ শতাংশের মত নেমে গেছে, কারণ নতুন প্রেসিডেন্ট এই বিশাল খাতটির ওপর নতুন করে করারোপ করার সিদ্ধান্ত নিয়েছেন।
২০০৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অল্প ব্যবধানে পরাজিত হওয়ার পর হুমালা তার আমূল সংস্কারের অনেক প্রস্তাব থেকে সরে আসেন। অর্থনীতি সতর্কভাবে পরিচালনা করা হবে বলে সোমবার তার ঊর্ধ্বতন অর্থনৈতিক উপদেষ্টারা ব্যবসায়ীদের আশ্বস্ত করার চেষ্টা করেন। কিন্তু অনেক বিনিয়োগকারীই কার্যত আস্থাহীনতায় ভুগছেন।
আগামী ২৮ জুলাই প্রেসিডেন্ট হিশেবে কাজ শুরু করবেন হুমালা। অনেক বিনিয়োগকারী আশংকা করছেন দ্রুত বিকাশমান অর্থনীতির দেশ পেরুতে রাষ্ট্রীুয় কর্তৃত্ব বৃদ্ধি করবেন হুমালা এবং অর্থবছরের প্রচলিত নিয়মকানুনের তোয়াক্কা করবেন না।
পেরু বিশ্বের অন্যতম প্রধান ধাতু (মেটাল) সরবরাহকারী দেশ। গত কয়েক দশকে বিশ্বের দ্রুত বিকাশমান অর্থনীতির দেশগুলোর মধ্যে পেরু অন্যতম।
কিন্তু এরপরও দেশটির একতৃতীয়াংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। অর্থনৈতিক সমৃদ্ধির ফসল দেশের সব মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছেন নতুন প্রেসিডেন্ট হুমালা।
লিমার শহরতলীতে সোমবার সকালে উল্লাসরত সমর্থকদের বিশাল এক সমাবেশে ৪৮ বছর বয়সী হুমালা বলেন, "আমরা সমাজকে সাথে নিয়ে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগোতে চাই। আমরা এমনভাবে পেরুকে গড়তে করতে চাই যেন এই দেশ হয় এই দেশের প্রতিটি মানুষের।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫১৮ ঘ.
bdnews24