২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'লস্কর-ই-ওসামা' গড়তে চেয়েছিলেন কাশ্মিরি

আল কায়েদার শীর্ষস্থানীয় কমান্ডার ইলিয়াস কাশ্মিরি 'লস্কর-ই-ওসামা' নামে নতুন একটি সন্ত্রাসী সংগঠন তৈরির পরিকল্পনা করেছিলেন। আল কায়েদার শীর্ষনেতা ওসামা বিন লাদেন হত্যার প্রতিশোধ নেওয়াই ছিল নতুন এই সংগঠন গড়ার লক্ষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 08:46 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আল কায়েদার শীর্ষস্থানীয় কমান্ডার ইলিয়াস কাশ্মিরি 'লস্কর-ই-ওসামা' নামে নতুন একটি সন্ত্রাসী সংগঠন তৈরির পরিকল্পনা করেছিলেন। আল কায়েদার শীর্ষনেতা ওসামা বিন লাদেন হত্যার প্রতিশোধ নেওয়াই ছিল নতুন এই সংগঠন গড়ার লক্ষ্য। নতুন এই সংগঠনটি পাকিস্তানজুড়ে আত্মঘাতী হামলা চালানোর পাশাপাশি বিভিন্ন দূতাবাস ও কূটনীতিকদের ওপর হামলার পরিকল্পনা করেছিল। এক্সপ্রেস ট্রিবিউন সংবাদপত্রের বরাত দিয়ে এনডিটিভি সোমবার এ খবর জানায়। প্রায় সপ্তাখানেক আগে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের দাতা খেল এলাকায় ওই বাহিনী গড়ার লক্ষ্যে তিনি বৈঠকও করেন। ৩১৩ ব্রিগেড নামে একটি সন্ত্রাসী গ্রুপ পরিচালনাকারী হরকাতুলজিহাদ-আল-ইসলামি (হুজি) নেতা ইলিয়াস কাশ্মিরি তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) বেশ কয়েকজন নেতাদের সাথে বৈঠক করেন। এই বৈঠকের লক্ষ্যই ছিল 'লস্কর-ই-ওসামা' বাহিনী গঠন করা। পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে ওই পত্রিকাটি জানায়, ইলিয়াস কাশ্মিরির সাথে বৈঠকে টিটিপির বেশ কয়েকজন কমান্ডার উপস্থিত ছিলেন। তারা হলেন, আসমাতুল্লাহ মাবিয়া, আমজাদ ফারুকি এবং বদর মনসুর। এ ছাড়াও আরো অনেকে ওই বৈঠকে উপস্থিত ছিলেন। ওই তিন নেতাকেই সন্ত্রাসী হামলার জন্য তিনটি অঞ্চল ভাগ করে দেওয়া হয়। মনসুরকে দেয়া হয় লাহোর ও দক্ষিণ পাঞ্জাব এবং ফারুককে দেওয়া হয় ইসলামাবাদ ও আজাদ কাশ্মিরের দায়িত্ব। তবে মাবিয়া কোন অঞ্চলের দায়িত্ব পেয়েছেন তা জানা যায় নি। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তাদের হামলার অন্যতম লক্ষ্য হিসেবে থাকার পাশপাশি পাকিস্তানে অবস্থিত যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত দূতাবাসে হামলারও পরিকল্পনা করা হয় ওই বৈঠকে। জঙ্গিরা ইসলামাবাদে মার্কিন দূতাবাস উচ্চক্ষমতার বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়ার পরিকল্পনাও করেছিল বলে সংবাদপত্রটি তাদের প্রতিবেদনে জানায়। সেই সঙ্গে আফগানিস্তানে অবস্থানরত ন্যাটো বাহিনীর জন্য পাকিস্তান থেকে যে খাবার সরবরাহ করা হয় তাতে উচ্চমাত্রার বিষ মিশিয়ে দেওয়ারও পরিকল্পনা করা হয়। পাকিস্তানের অস্ত্র কারখানাতেও হামলার পরিকল্পনা করে তারা। এদিকে, এরআগে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় গত ৩ জুন দক্ষিণ ওয়াজিরিস্তানে মার্কিন চালকবিহীন বিমান হামলায় ইলিয়াস কাশ্মিরি নিহত হয়েছেন। তবে সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার জানান, ইলিয়াস কাশ্মিরি নিহত কি না এ ব্যাপারে নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র। কাশ্মিরির হরকাতুল জিহাদ ইসলামি এরআগে জানিয়েছিল, কয়েকজন সহযোগীসহ ইলিয়াস কাশ্মিরি শুক্রবার নিহত হয়েছেন। এমন কি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিও সোমবার কোয়েটায় এক সংবাদ সম্মেলনে বলেন, আল কায়েদার 'সামরিক মস্তিষ্ক' হিসেবে পরিচিত ইলিয়াস কাশ্মিরি নিহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে। তবে যুক্তরাষ্ট্র ওই আল কায়েদা নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে এ তথ্য তিনি কিভাবে পেলেন এ ব্যাপারে কিছু বলেন নি গিলানি। আর এরপরই ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টোনার জানান, "ওই ঘটনা (কাশ্মিরি নিহত) নিশ্চিত করার মতো কোনো তথ্য আমার কাছে নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২৬ ঘ.