জাফরান, লিবিয়া জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- লিবিয়ায় বিদ্রোহীরা নেতা মুয়াম্মার গাদ্দাফির সমর্থক সেনাদের হটিয়ে সোমবার পাহাড়ি শহর জাফরানে ঢুকে শহরটি দখলে নেওয়ার দাবি করেছে।
এতে করে ন্যাটো বাহিনীর ক্রমাগত হামলার ফলে গাদ্দাফি বাহিনী পিছু হটতে বাধ্য হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এক মাসেরও বেশি সময় ধরে খাবার, পানি এবং ওষুধ স্বল্পতার মধ্যে গাদ্দাফি সমর্থক বাহিনীর হাতে শহরটি অবরুদ্ধ ছিলো।
উত্তর দিক দিয়ে শহরটিতে প্রবেশের পর রয়টার্সের ফটো সাংবাদিক ইউসুফ বৌদলালের কাছে বিদ্রোহীরা বলেছে, আমরা শহরটি দখলে নিয়েছি। গাদ্দাফি বাহিনীর চিহ্নও কোথাও নেই।
লিবিয়ার রাজধানী ত্রিপোলির ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত জাফরান শহরটিতে বারবার জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর বাস, যাদের অধিকাংশই ৪১ বছর ধরে গাদ্দাফির শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
বিদ্রোহীরা ইতোমধ্যেই দেশটির পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতা এবং তিউনিসিয়া সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলগুলো নিজেদের দখলে নিয়েছে।
বিদ্রোহীরা রাজধানী ত্রিপোলির দিকেও অগ্রসর হয়েছিলো, কিন্তু গাদ্দাফি বাহিনীর শক্তিশালী অস্ত্রের মুখে তারা টিকতে পারেনি।
বৌদলাল বলেন, আমি বিদ্রোহীদের পতাকা এবং গাদ্দাফির ধ্বংস হওয়া পোস্টার ও ছবি দেখেছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/২১৫৪ ঘ.
bdnews24