২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেন: ভাইস-প্রেসিডেন্টকে ক্ষমতা দিতে রাজি বিরোধীরা

ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ'র দেশত্যাগের পর ভাইস প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরে রাজি দেশটির প্রধান বিরোধী জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 01:00 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

রিয়াদ, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ'র দেশত্যাগের পর ভাইস প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরে রাজি দেশটির প্রধান বিরোধী জোট। সালেহ সৌদি আরবে পাড়ি জমানোর পর থেকে ইয়েমেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করে আসছেন ভাইস- প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি। বিরোধী 'জয়েন্ট মিটিং পার্টিস' এর নেতৃস্থানীয় ব্যক্তিত্ব সুলতান এল-আতওয়ানি রয়টার্সকে বলেছেন, "বিরোধীরা ভাইস প্রেসিডেন্টের হাতে পূর্ণ ক্ষমতা হস্তান্তরের পক্ষপাতি।" "কিন্তু কোনো কারণে এ উদ্যোগ ব্যর্থ হলে তারা একটি উত্তরণশীল সরকার বা পরিষদ গঠন করবে", বলেন তিনি। বিরোধীরা এর আগেও উপসাগরীয় আরব দেশগুলোর প্রস্তাবিত এ ধরনের একটি চুক্তি সমর্থন করেছিলো। ওই প্রস্তাব অনুযায়ী, সালেহকে বিচার থেকে রেহাই দেওয়ার বিনিময়ে ভাইস-প্রেসিডেন্ট হাদির হাতে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করা হয়েছিলো। কিন্তু সালেহ বরাবরই আরব দেশগুলোর ওই প্রস্তাব মেনে চুক্তি সই করতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন। এখন সালেহর দেশত্যাগে তাই অনেকেই আনন্দে অভিভূত। সালেহ ইয়েমেনে ফিরবেন কিনা সেটি এখনো স্পষ্ট নয়। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কয়েটি সূত্রে বলা হয়েছে, সালেহ চিকিৎসার জন্য সৌদি আরবে গেছেন এবং কয়েকদিনের মধ্যেই ইয়েমেনে ফিরবেন। সালেহর অবর্তমানে ইয়েমেনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ইতোমধ্যেই। সহিংসতা এখনো চলছে। উপসাগরীয় আরব দেশগুলোর জোট (জিসিসি) এক বিবৃতিতে ইয়েমেনে সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা বন্ধে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছে। ভাইস প্রেসিডেন্ট হাদি এ মুহূর্তে দেশের হাল ধরে থাকলেও তার ক্ষমতার নিজস্ব কোনো ভিত্তি নেই। ফলে সালেহর অনুপস্থিতিতে হাদির পক্ষে দেশের নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হতে পারে। হাদির ঘনিষ্ঠজনদের হাতে আছে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর কমান্ড থাকার পরও কঠিন পরিস্থিতিতে পড়তে পারেন তিনি। অন্য যাদের মধ্যে ক্ষমতার লড়াই দেখা দিতে পারে তার মধ্যে আছে হাশেদ আদিবাসী ফেডারেশন, দলছুট সামরিক নেতারা, ইসলামপন্থিরা, বামপন্থিরা এবং ক্ষুব্ধ জনগণ। ইয়েমেনে কোনোরকম বিশৃঙ্খলা দেখা দিলে উপসাগরীয় দেশগুলোর উদ্বেগ বাড়বে আর পশ্চিমারা চিন্তিত হয়ে উঠবে আল কায়েদাকে নিয়ে। ইয়েমেনিরা এখন সালেহ'র এর অবস্থা এবং সৌদি আরবের অবস্থান জানার অপেক্ষায় আছে। সৌদি আরব সালেহকে দেশে ফেরত পাঠায় নাকি উপসাগরীয় আরব দেশগুলোর প্রস্তাবিত ক্ষমতা হস্তান্তর চুক্তি সই করার জন্য চাপ দেয় সেটিই দেখার বিষয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৭ ঘ.