ত্রিপোলি, জুন ০৬ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্ষমতা থেকে গাদ্দাফি চলে যাওয়ার পর লিবিয়া কিভাবে পরিচালিত হবে তার বিস্তারিত পরিকল্পনা বিদ্রোহীদের থাকা দরকার এবং এ বিষয়ে ইরাকের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া দরকার বলে জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ।
রোববার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ভবিষ্যত লিবিয়ার 'রাজনৈতিক রোডম্যাপ' তৈরির লক্ষ্যে বিদ্রোহীদের নেতৃত্বে গঠিত লিবিয়ার অন্তর্বর্তীকালীন পরিষদের সাথে আলোচনার জন্য উইলিয়াম হগ শনিবার বেনগাজি সফর করেন। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী এন্ড্রু মিশেল এসময় তার সাথে ছিলেন।
ন্যাটোর সম্মিলিত আক্রমণ, কূটনৈতিক বিচ্ছিন্নতা এবং তৃণমূল পর্যায়ের বিরোধিতার কারণে শিগগিরই লিবিয়ায় গাদ্দাফির ৪১ বছরের শাসনের অবসান হবে বলে ধারণা করছে পশ্চিমা রাষ্ট্রগুলো। কিন্তু গাদ্দাফির শাসন অবসানের পর লিবিয়াজুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।
২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশজুড়ে সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়েছিল।
বেনগাজিভিত্তিক লিবিয়ার অন্তর্বর্তীকালীন জাতীয় পরিষদের 'গাদ্দাফিহীন ভবিষ্যৎ লিবিয়া' বিষয়ে একটি পরিকল্পনা তৈরি করা আছে। কিন্তু পরিকল্পনাটিকে বিস্তারিত পরিকল্পনার 'ভ্রুণ' বলে বিবিসির কাছে মন্তব্য করেছেন হগ।
"আমরা জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদকে তাদের পরিকল্পনা বিস্তারিত করার জন্য উৎসাহিত করছি। গাদ্দাফি ক্ষমতা ছাড়লে কে কি দায়িত্ব নেবে, ত্রিপোলিতে কিভাবে একটি নতুন সরকার প্রতিষ্ঠা করা যাবে, আসছে সপ্তাহেই তার বিস্তারিত পরিকল্পনা করার জন্য বলেছি আমরা", বলেন হগ।
তিনি জানান, বিদ্রোহীরা গাদ্দাফি সরকারের আমলাদের তাদের নতুন নেতৃত্বের অংশ করার পরিকল্পনা করছে। এ প্রবণতার ব্যাপারে হুঁশিয়ার করে তিনি বলেন, এ বিষয়ে লিবিয়ার বিদ্রোহীদের ইরাকের পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া দরকার।
সাদ্দাম হোসেনের পতনের পর ইরাকের নতুন সরকারে বাথ পার্টির সদস্যদের অন্তর্ভুক্তি সেখানে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তে সাহায্য করেছিল বলে জানান তিনি।
"বাথ পার্টির পুনারাবৃত্তি লিবিয়ায় করা যাবে না", বলেন উইলিয়াম হগ।
এদিকে, বেনগাজিতে বিদ্রোহীদের সদর দপ্তরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে লিবিয়ার সার্বভৌমত্বের লংঘন বলে বর্ণনা করে এর নিন্দা জানিয়েছে লিবীয় সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫০৭ ঘ.
bdnews24