২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার হামলার জবাব দেওয়ার হুমকি রবার্ট গেটসের

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ধারাবাহিক সাইবার হামলার জন্য দায়ী হ্যাকারদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে আক্রমণাত্মক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 10:52 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

সিঙ্গাপুর, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ধারাবাহিক সাইবার হামলার জন্য দায়ী হ্যাকারদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে আক্রমণাত্মক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। পেন্টাগন ইতোমধ্যেই হ্যাকারদের চিহ্নিত করার চেষ্টা শুরু করেছে বলে জানান তিনি। সিঙ্গাপুরে এশিয়ার নিরাপত্তা বৈঠক শাংগ্রিলা সংলাপে শনিবার ভাষণ দেওয়ার সময় গেটস ওই হুমকি দেন। ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোম্পানি গুগলে সাইবার হামলা হওয়ার কয়েকদিনের মাথায় গেটস এমন কড়া কথা শোনালেন। গুগলের কয়েকশ ই-মেইল একাউন্টধারীর পাসওয়ার্ড চুরি করাই ছিলো সাইবার হামলার উদ্দেশ্য। ওই একাউন্টধারীদের মধ্যে যুক্তরাষ্ট্র সরকারের উর্ধ্বতন কর্মকর্তাসহ চীনের বিভিন্ন অধিকার আন্দোলনকারী ও সাংবাদিকরা আছেন বলে জানায় গুগল। ধারাবাহিক সাইবার হামলার সর্বশেষ শিকার হয়েছে গুগল। এর আগে হামলার শিকার হয় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী কোম্পানি লকহীড মার্টিন এবং সনি কর্পোরেশন। গুগল জানায়, তাদের সার্ভারে চালানো সাইবার হামলা চীন থেকে হয়েছে বলে আলামত পাওয়া যাচ্ছে। তবে গুগল বা মার্কিন সরকার কেউই হামলার জন্য চীন সরকারকে দায়ী করেনি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য চীনকে ঘটনাটি তদন্ত করার আহ্বান জানিয়েছে। "আমরা এই সাইবার হুমকিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি। কোন একক দেশ বা নির্দিষ্ট কয়েকটি দেশ থেকে হামলা হচ্ছে এমন নয়, বিভিন্ন উৎস থেকেই হামলার শিকার হচ্ছি আমরা", সম্মেলনে বলেন গেটস। এসময় তিনি বলেন, "সাইবার হামলাগুলোর সমস্যা হচ্ছে এগুলো নিশ্চিত করা।" কোথা থেকে হামলাগুলো চালানো হচ্ছে তা বের করতে অনেক সময় লেগে যায় আর তা বের করা বেশ কষ্টকর বলেও জানান গেটস। সম্মেলনে তিনি বলেন, সাইবার হামলার হুমকিকে পেন্টাগন প্রতিরক্ষার দায়িত্বের দৃষ্টিকোণ থেকেই দেখছে। তিনি বলেন, "মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা সবসময়ই হামলার শিকার হচ্ছে এটি প্রশ্নাতীত।" "একটি সরকারের আক্রমণাত্মক পদক্ষেপ সম্পর্কে আইন কি বলে? যখন জবাব দেওয়া প্রয়োজন তখন সাইবার যুদ্ধের আইন কি হওয়া উচিত?", প্রশ্ন করেন গেটস। "এই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব যদি কিছু আইন প্রতিষ্ঠা করা যায় তাহলে ভবিষ্যতে আমরা কিছু গুরুতর পরিস্থিতি এড়াতে পারবো। আইনের মাধ্যমে সবাইকে জানানো যাবে কোন ধরনের হামলা গ্রহণযোগ্য আর কোন ধরনের হামলা গ্রহণযোগ্য নয় এবং কোন ধরনের হামলার ফলে যুদ্ধ শুরু হতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৪৩ঘ.