২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের সাবেক অর্থমন্ত্রীর ৩০ বছরের দন্ড

সরকারি ও ব্যক্তি বিশেষের সম্পদ অবৈধভাবে ব্যবহারের অভিযোগে মিশরের সাবেক অর্থমন্ত্রী ইউসেফ বুট্রোস-ঘালিকে ৩০ বছরের কারাদন্ড দিয়েছে কায়রোর একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 04:58 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

কায়রো, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকারি ও ব্যক্তি বিশেষের সম্পদ অবৈধভাবে ব্যবহারের অভিযোগে মিশরের সাবেক অর্থমন্ত্রী ইউসেফ বুট্রোস-ঘালিকে ৩০ বছরের কারাদন্ড দিয়েছে কায়রোর একটি আদালত। মুবারক সরকারের এ প্রভাবশালী মন্ত্রী বর্তমানে দেশের বাইরে রয়েছেন। প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের দাবিতে বিক্ষোভ শুরু হওয়ার কয়েক দিনের মাথায় (জানুয়ারির শেষদিকে) মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে বিদেশে যান বুট্রোস-ঘালি। এছাড়া ফেব্রুয়ারির প্রথম দিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নীতি নির্ধারণী প্যানেল থেকেও পদত্যাগ করেন তিনি। বর্তমানে বুট্রোস-ঘালি লেবাননের রাজধানী বৈরুতে অবস্থান করছেন বলে মিশরীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে। আদালতের এক কর্মকর্তা বলেছেন, কাস্টমস কর্তৃপক্ষের জব্দ করা ছয়টি দামি গাড়ি মালিকের অনুমতি ছাড়া বুট্রোস-ঘালি নিজে ব্যবহার ও অন্যদের দেওয়ার অভিযোগে তাকে ১৫ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। ২০১০ সালে পার্লামেন্ট নির্বাচনে নিজের প্রচারকাজে অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার ও প্রিন্টার ব্যবহারের অভিযোগে তাকে আরো ১৫ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া ছয়টি গাড়ির মূল্য বাবদ তিন কোটি ৫৮ লাখ মিশরীয় পাউন্ড (১ ডলার সমান ৫ দশমিক ৯৪২ মিশরীয় পাউন্ড) ফেরত ও সমপরিমাণ অর্থ জরিমানা দেওয়ারও আদেশ দিয়েছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২৫২ ঘ.