২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন হামলায় পাকিস্তানে আল-কায়েদা কমান্ডার নিহত

পাকিস্তানে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) থেকে ক্ষেপণাস্ত্র হামলায় আল-কায়েদার শীর্ষ স্থানীয় কমান্ডার ইলিয়াস কাশ্মিরী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) থেকে ক্ষেপণাস্ত্র হামলায় আল-কায়েদার শীর্ষ স্থানীয় কমান্ডার ইলিয়াস কাশ্মিরী নিহত হয়েছেন। শুক্রবার রাতে দক্ষিণ ওয়াজিরস্তানের ওয়ানা শহরের পশ্চিমের লামান গ্রামে একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি। এলাকাবাসী বিবিসিকে জানান, ওই বাড়িতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত নয়জনের মধ্যে রয়েছেন ইলিয়াস কাশ্মিরী। অনুসারীদের নিয়ে সম্প্রতি তিনি ওই এলাকায় গিয়েছিলেন বলে জানান তারা। গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন বিশেষ কমান্ডো বাহিনীর অভিযানে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ও শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হন। তারপর সেখানে মার্কিন হামলায় আল-কায়েদার শীর্ষ পর্যায়ের কোনো কমান্ডার নিহত হওয়ার ঘটনা এটাই প্রথম। বিন লাদেন নিহত হওয়ার পর তার উত্তরসূরি হিসেবে কাশ্মিরীর নামও আলোচনায় ছিলো। পাকিস্তান, আফগানিস্তান ও ভারতে একাধিক সন্ত্রাসী হামলার সঙ্গে কাশ্মিরী জড়িত ছিলেন বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ রয়েছে। তাকে ধরে দেওয়ার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ৩১৩ ব্রিগেড নামে একটি সন্ত্রাসী গ্রুপ পরিচালনা করতেন ইলিয়াস কাশ্মিরী। এ গ্রুপটি পাকিস্তানে নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদ আল-ইসলামির একটি শাখা বলে ধারণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৮২৯ ঘ.