ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া অভিযানে প্রথমবারের মত যুক্তরাজ্যের সমরকপ্টার ব্যবহৃত হয়েছে বলে নিশ্চিত করেছে ন্যাটো। এর ফলে আকাশ থেকে পরিচালিত হামলায় বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়ানো যাবে বলে আশা করছে এই সামরিক জোট।
অভিযানে ব্যবহৃত দুটি অ্যাপাচি হেলিকপ্টার গাদ্দাফির দুটি সামরিক স্থাপনা, একটি রাডার স্টেশন এবং ব্রেগা শহরের কাছে অস্ত্রসজ্জিত একটি তল্লাশি চৌকি ধ্বংস করে নিরাপদে জাহাজে ফিরে এসেছে।
যুদ্ধজাহাজ এইচএমএস ওশেন-এর ক্যাপ্টেনের বরাত দিয়ে বিবিসির প্রতিরক্ষা সংবাদাতা এ খবর নিশ্চিত করেছে।
লিবিয়া অভিযানে অ্যাপাচি হেলিকপ্টার পাঠানোর সিদ্ধান্তটি নিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন স্বয়ং। ২৭ মে তিনি ন্যাটোর নেতৃত্বে পরিচালিত অভিযানে চারটি সমরকপ্টার পাঠানোর নির্দেশ দেন।
লিবিয়ায় অভিযানকালে যুক্তরাজ্যের যুদ্ধবিমান টর্নেডো ও টাইফুনের হামলায় বেসামরিক লোকজন হতাহত হলে ক্যামেরন এ নির্দেশ দেন। স্বল্প উচ্চতায় উড়তে সক্ষম এই হেলিকপ্টারগুলো নিখুঁতভাবে লক্ষ্যে হামলা চালাতে পারে।
অ্যপাচি হেলিকপ্টারগুলোর এই সংযোজনে সম্মিলিত প্রতিরক্ষা অভিযানের কমান্ডার লে. জেনারেল চার্লস বাউচার্ড উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "সাফল্যজনক এই সংযোজনের ফলে অভিযানে আমরা সমরকপ্টারগুলোর অনন্য দক্ষতার প্রদর্শনী দেখতে পাবো। যখনই এবং যেখানেই প্রয়োজন আমরা ধারাবাহিকভাবে এই সম্পদগুলো ব্যবহার করবো। আমাদের অন্যান্য অভিযানের মতোই নির্ভুলভাবে এগুলো ব্যবহৃত হবে।"
তবে স্বল্প উচ্চতা দিয়ে ওড়ার সময় হেলিকপ্টারগুলো গাদ্দাফি অনুগতদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। গাদ্দাফি অনুগতদের কাছে এ ধরনের হাজার হাজার ক্ষেপণাস্ত্র আছে।
লিবিয়ার আরো কয়েকটি লক্ষ্যে একই ধরনের হামলায় ফরাসি গ্যাজেল সমরকপ্টারও প্রথমবারের মতো ব্যবহারের খবর জানিয়েছে বিবিসি।
ন্যাটো বুধবার লিবিয়ায় হামলার মেয়াদ আরো ৯০ দিন বাড়িয়েছে। ৩১ মার্চ থেকে শুরু হওয়া লিবিয়ায় ন্যাটো অভিযানের প্রথম দফা ৯০ দিনের মেয়াদ ২৭ জুন শেষ হবে।
আরবের অন্যান্য অঞ্চলের স্বৈরশাসকের বিরুদ্ধে জনসাধারণের গণঅভুত্থানে অনুপ্রাণিত হয়ে লিবিয়াবাসী ৪১ বছর ধরে একচ্ছত্র শাসনক্ষমতা ভোগকারী একনায়ক গাদ্দাফির শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে।
কিন্তু দেশের অভ্যন্তরে ব্যাপক জনরোষ ও আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ক্ষমতায় রয়ে যান গাদ্দাফি। উল্টো আন্দোলনকারীদের বিরুদ্ধে দমন অভিযান চালালে দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে।
ওই যুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষায় জাতিসংঘের অনুমোদন নিয়ে লিবিয়ায় সামরিক স্থাপনা লক্ষ করে বিমান হামলা শুরু করে ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
৩১ মার্চ 'বেসামরিক নাগরিকদের রক্ষা'র এই অভিযানের নেতৃত্ব গ্রহণ করে ন্যাটো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৪১ ঘ.
bdnews24