২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী লেখকদের সমকক্ষ ভাবেন না নাইপল

কোনো নারী সাহিত্যিককেই নিজের সমকক্ষ মনে করেন না নোবেলজয়ী লেখক ভিএস নাইপল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 08:57 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো নারী সাহিত্যিককেই নিজের সমকক্ষ মনে করেন না নোবেলজয়ী লেখক ভিএস নাইপল। সম্প্রতি আমেরিকান লেখক পল থেরক্সের এর সাথে দীর্ঘ ১৫ বছরের দ্বন্দ্বের অবসান হওয়ার পর চলতি সপ্তায় রয়েল জিওগ্রাফিক সোসাইটিতে নাইপল এ মন্তব্য করেন বলে এনডিটিভি জানায়। কোন নারী লেখকের রচনাকে তার সাহিত্যমানের সমকক্ষ বিবেচনা করেন কি না, প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি তা মনে করি না।" জেন অস্টেন প্রসঙ্গে নাইপল বলেন, তিনি কখনো বিশ্ব সম্পর্কে তার (অস্টেন) আবেগীয় উচ্চাশা ও ধারণার অংশীদার হতে পারেন না।" নাইপল মনে করেন, "নারী লেখকরা সম্পূর্ণ আলাদা। যে কোন লেখার কিছু অংশ অথবা এক-দুই প্যারা পড়েই আমি বলে দিতে পারি কোনো নারী লেখক এটি লিখেছেন কি না।" "নারীদের ভাবাবেগ এবং পৃথিবীর প্রতি সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণেই এটি সম্ভব", বলেন নাইপল। তিনি আরো বলেন, "অনিবার্যভাবেই একজন নারী একটি গৃহের কর্তা নন, আর তাদের লেখাতেও তাই ফুটে ওঠে।" কারো কারো বিবেচনায় জীবিতদের মধ্যে ইংরেজি সাহিত্যের মহত্তম লেখক ভিএস নাইপলের এই মন্তব্যে পাঠক, সাহিত্যিক ও সমালোচকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। যুক্তরাজ্যের 'রাইটার্স গিল্ড' নাইপলের এ মন্তব্য প্রসঙ্গে কথা বলে সময় নষ্ট করতে চায় না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/সিআর/১৪৫৫ ঘ.