২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বিন লাদেনের সাবেক সহযোগী গ্রেপ্তার

আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের সাবেক এক সহযোগীকে আফগানিস্তানে গ্রেপ্তার করা হয়েছে। এই ব্যক্তি পাকিস্তানে বিভিন্ন হামলার পরিকল্পনাকারী বলে কর্তৃপক্ষ দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 07:40 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের সাবেক এক সহযোগীকে আফগানিস্তানে গ্রেপ্তার করা হয়েছে। এই ব্যক্তি পাকিস্তানে বিভিন্ন হামলার পরিকল্পনাকারী বলে কর্তৃপক্ষ দাবি করেছে। বৃহস্পতিবার ন্যাটোর এক মুখপাত্রের বরাত দিয়ে সিএনএন এ খবর জানায়। ন্যাটোর নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্স (আইএসএএফ) আটক ওই ব্যক্তির পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে। এমন কি এ ব্যাপারে আর কোন তথ্যও সরবরাহ করা হবে না বলে আইএসএএফ জানিয়েছে। আইএসএএফ এর মুখপাত্র জয়েন্ট কমান্ড আর্মি মেজর টিম জেমস টেলিফোনে সিএনএনকে জানান, এটি তাদের অভিযানের একটি অংশ। বুধবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বালখের বিদ্রোহী এলাকা উজবেকিস্তান সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত সপ্তায় একই এলাকায় আঞ্চলিক গভর্নরের কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলায় একজন আফগান পুলিশ কমান্ডার নিহত হন। এ হামলার সাথে আল কায়েদা জড়িত থাকার অনুমান থেকেই সন্দেহভাজন ওই লোকটিকে আটক করা হয়েছে বলে আইএসএএফ তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে। গত ২ মে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডো হামলায় আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার একমাস পর এ অভিযান চালানো হয়। ওয়েবসাইটে আইএসএএফ শুধু জানিয়েছে, "সন্দেহভাজন ওই ব্যক্তি ২০০১ সাল থেকে বিন লাদেনের সাথে ছিলেন"। নাহার-ই- শাহি কম্পাউন্ডে সারারাত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে ওয়েবসাইটে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/সিআর/১৩৩৭ ঘ.