২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া অভিযান আরো ৯০ দিন বাড়ালো ন্যাটো

মার্চে শুরু হওয়া লিবিয়া অভিযান আরো ৯০ দিন বাড়িয়েছে ন্যাটো। বুধবার এক বিবৃতিতে ন্যাটো একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 02:14 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ব্রাসেলস, জুন ০১ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মার্চে শুরু হওয়া লিবিয়া অভিযান আরো ৯০ দিন বাড়িয়েছে ন্যাটো। বুধবার এক বিবৃতিতে ন্যাটো একথা জানিয়েছে। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি পদত্যাগের কোনো লক্ষণ না দেখানোয় লিবিয়া সঙ্কটের কূটনৈতিক সমাধানের আশা ভেস্তে যাওয়ার পর ন্যাটো এ পদক্ষেপ নিলো। মার্চের শেষের দিকে লিবিয়ায় ৯০ দিনের অভিযান চালানোর পরিকল্পনা হাতে নেয় ২৮ সদস্যবিশিষ্টি সামরিক জোট ন্যাটো। একইসঙ্গে লিবিয়ার আকাশসীমাকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন) ঘোষণাসহ দেশটিতে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপেরও পদক্ষেপ নেয় তারা। ন্যাটো মহাসচিব আন্দ্রে ফ রাসমুসেন এক বিবৃতিতে জানিয়েছেন, "ন্যাটো ও এর অংশীদাররা এই মাত্র লিবিয়ায় অভিযান আরো ৯০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।" বিবৃতিতে বলা হয়, "এ সিদ্ধান্ত গাদ্দাফি প্রশাসনকে এই স্পষ্ট বার্তাই দিচ্ছে যে, লিবিয়ার জনগণকে রক্ষা করার জন্য আমরা আমাদের অভিযান চালিয়ে যেতে বদ্ধপরিকর।" রাসমুসেন বলেন, "লিবিয়ার জনগণ যাতে নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নির্মাণ করতে পারে তার নিশ্চয়তা দিতে ন্যাটো বদ্ধপরিকর।" "আর সেই দিন ক্রমেই ঘনিয়ে আসছে," বলেন তিনি। ৩১ মার্চ ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র জোটের পক্ষ থেকে লিবিয়ায় সামরিক অভিযান চালানোর দায়িত্ব নেয় ন্যাটো। সম্প্রতি ন্যাটো গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে হামলা জোরদার করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, গাদ্দাফির পতন ঘটাতে তাদেরকে আরো চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে। এ লড়াই শেষ হতে এখনো কয়েকমাস লেগে যেতে পারে বলে জানান তারা। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১০ ঘ.