সানা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইয়েমেনের রাজধানী সানায় বিরোধী আদিবাসী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার রাতভর লড়াইয়ে অন্তত ৩৯ জন নিহত হয়েছে বলে ডাক্তার ও কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
নিরাপত্তা বাহিনী এবং আদিবাসী দল হাসেদ নেতা শেখ সাদিক আল-আহমারের অনুগত যোদ্ধাদের মধ্যে অস্ত্রবিরতি ভেঙে পড়ার পর ইয়েমেনে সহিংসতা বেড়ে গেছে।
গৃহযুদ্ধের দিকে এগিয়ে চলেছে ইয়েমেন।
বুধবার সানার উত্তরাঞ্চলীয় একটি এলাকার রাস্তায় রাস্তায় লড়াই এবং বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা হাসাবা জেলার কাছে কয়েকটি বিস্ফোরণ ঘটার কথা জানিয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানাতে পারেনি তারা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মঙ্গলবার রাতের লড়াইয়ে ১৪ জন সেনা নিহতের কথা জানানো হয়েছে।
তবে সানার কয়েকজন চিকিৎসক সূত্রে বলা হয়েছে, দুপক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে।
সানার ক্ষমতাসীন জেনারেল পিপলস কংগ্রেসের সদরদপ্তর এবং অন্যান্য সরকারি কার্যালয় আদিবাসীরা দখল করে নিচ্ছে বলে অভিযোগ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ওদিকে, আহমারের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র অভিযোগ করে বলেছে, সরকারি বাহিনী শহরের উত্তরে তাদের কম্পাউন্ডে হামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৩ ঘ.
bdnews24