২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফিকে ত্যাগ করেছে ১২০ সেনাকর্মকর্তা

লিবিয়ার শীর্ষস্থানীয় আট সেনাকর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ১২০ জন সেনাকর্মকর্তা গাদ্দাফির পক্ষ ত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 05:38 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার শীর্ষস্থানীয় আট সেনাকর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ১২০ জন সেনাকর্মকর্তা গাদ্দাফির পক্ষ ত্যাগ করেছেন। লিবিয়ার অচলাবস্থা নিরসনে দেশটির শাসক মুয়াম্মার গাদ্দাফির ওপর এটি একটি বড় ধরনের ধাক্কা বলে বিবেচনা করা হচ্ছে বলে আল জাজিরা জানায়। সোমবার ইতালিতে এক সংবাদ সম্মেলনে লিবিয়ার শীর্ষ কয়েকজন সেনাকর্মকর্তা দাবি করেন, কয়েকদিনের মধ্যেই বিভিন্ন পর্যায়ের শতাধিক সেনা কর্মকর্তা গাদ্দাফির পক্ষ ত্যাগ করতে যাচ্ছেন। আর তারা তাদেরই একটি অংশ। ইতালি সরকারের পক্ষ থেকে আয়োজিত আকস্মিক এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লিবিয়ার পাঁচজন জেনারেল, দুইজন কর্নেল ও একজন মেজর। সংবাদ সম্মেলনে পরিচয়দানকারী জেনারেল ওন আলি ওন বলেন, "আমাদের জনগণের সাথে যা করা হচ্ছে তা দুঃখজনক। সেখানে ব্যাপকমাত্রায় হত্যা, গণহত্যা এবং নারীদের ওপর সহিংসতার ঘটনা ঘটছে। আমরা যা দেখেছি এবং আমাদের যা করতে বলা হয়েছে তা প্রাজ্ঞ, আদর্শবান ও ন্যূনতম মর্যাদাবোধ সম্পন্ন কোনো ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়।" তিনি লিবিয়ার সেনাবাহিনীর প্রতি বিদ্রোহীদের সমর্থন দেওয়ার আহ্বানও জানিয়েছেন বলে বিবিসি জানায়। অপর জেনারেল সালাহ জিউমা আহমেদ বলেন, যত দিন যাচ্ছে গাদ্দাফি অনুগত সেনাবাহিনী ততই দুর্বল হয়ে পড়ছে। তিনি বলেন, "গাদ্দাফির সময় ঘনিয়ে এসেছে।" গাদ্দাফির পক্ষত্যাগী আর এক জেনারেল মেলুদ মাসুদ হালাসা সাংবাদিকদের বলেন, লিবিয়ার সেনাবাহিনীর মোট সামর্থ্যরে ২০ ভাগ অবশিষ্ট আছে। পাশাপাশি গাদ্দাফির প্রতি অনুগত জেনারেলের সংখ্যা ১০ জনের বেশি নয় বলেও জানান তিনি। গাদ্দাফির পক্ষত্যাগকারী জাতিসংঘে নিযুক্ত লিবিয়ার কূটনীতিক আবদুর রহমান শালগাম জানান, লিবিয়ার ১২০ জন সেনাকর্মকর্তা দেশত্যাগ করেছেন। তবে তারা এখন কোথায় অবস্থান করছেন এ ব্যাপারে কোনোকিছু তিনি জানাননি। এদিকে, গাদ্দাফির সঙ্গে শান্তিচুক্তির চেষ্টায় সোমবার ত্রিপোলি সফরে গেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। 'গাদ্দাফির সন্ত্রাসের রাজত্ব শেষ হয়ে আসছে'-ন্যাটোর মহাসচিব আন্দ্রে ফগ রাসমুসেন একথা বলার কয়েক ঘণ্টার মধ্যেই জুমা লিবিয়ায় শান্তি মিশনে যান। জুমার এ উদ্যোগকে লিবিয়া যুদ্ধের কূটনৈতিক সমাধান খুঁজে পাওয়ার সর্বশেষ চেষ্টা হিসাবে দেখছেন অনেকেই। গত এপ্রিলের পর এ নিয়ে দ্বিতীয়বার লিবিয়ায় গেলেন জুমা। তার এবারের শান্তি মিশনে কর্নেল গাদ্দাফির ক্ষমতা থেকে বিদায়ের পথ খোঁজার বিষয়টি প্রধান্য পাবে কিনা তা এখনো স্পষ্ট জানা যায়নি। গাদ্দাফির এক উপদেষ্টা ইতোমধ্যেই বিবিসি কে জানিয়েছেন, বিদ্রোহীদের দাবি মেনে তার (গাদ্দাফি) পদত্যাগ করার কোনো সম্ভাবনা নেই। জুমাকে বিমানবন্দরে লিবিয়ার পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা জানানো হলেও সেখানে গাদ্দাফি উপস্থিত ছিলেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৩ ঘ.