২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে বিক্ষোভে গুলি, নিহত ১৫

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় তিজ শহরে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৫ জন নিহত ও ১২০ জন আহত হয়েছে। হাসপাতাল সূত্রে সোমবার একথা জানা গেছে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 10:04 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

সানা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় তিজ শহরে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৫ জন নিহত ও ১২০ জন আহত হয়েছে। হাসপাতাল সূত্রে সোমবার একথা জানা গেছে। বিবিসি নিহতের সংখ্যা ২০ বলে জানিয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়বে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিক্ষোভকারীরা আটক অন্যান্য বিক্ষোভকারীদের মুক্তির দাবিতে রোববার রাতে বিক্ষোভ করার সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাজা গুলি এবং টিয়ার গ্যাস ছুড়ে। একইদিনে রাজধানী সানায় তিনটি বিস্ফোরণেরও শব্দ শোনা গেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। ওদিকে, জিনজিবার শহরের কাছে একটি চোরাগুপ্তা হামলায় চার ইয়েমেনি সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইয়েমেনে আদিবাসীদের তীব্র বিরোধিতা ও কয়েকমাস ধরে চলা বিক্ষোভের পরও প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। মিসর ও তিউনিসিয়ার বিক্ষোভে অনুপ্রাণিত হয়ে যেসব শহরে প্রথম সালেহ বিরোধী বিক্ষোভে জনগণ জড়ো হতে থাকে তিজ সেগুলোর অন্যতম। তিজ শহরের চিকিৎসক আব্দুলকাদির আল-জুনাইদ বিবিসিকে জানান, নিরাপত্তা বাহিনী ফ্রিডম স্কয়ারে বিক্ষোভকারীদের চিহ্ন মুছে ফেলছে। তিনি বলেন, "তারা বিক্ষোভকারীদের ওপর হামলা ও গুলি চালিয়েছে এবং তাদের তাঁবু পুড়িয়ে দিয়েছে। এ স্কয়ারটা ছিল ভাষণ দেওয়া, নাটক করা, গান গাওয়া, লাউডস্পিকার বাজানোর মঞ্চ। এখানে অসংখ্য তাঁবু ও একটি আর্ট গ্যালারি ছিল। আর এটাই ছিল সব ধরনের বড় কর্মসূচির কেন্দ্রবিন্দু।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫৯ ঘ.