লস্করগা, আফগানিস্তান, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে ন্যাটোর বিমান হামলায় ১২ শিশু ও দুই নারী নিহত হয়েছে।
হেলমান্দ প্রদেশের গর্ভনর রোববার এক বিবৃতিতে বলেছেন, শনিবার হেলমান্দ প্রদেশে মার্কিন নৌ সেনাদের একটি ঘাঁটিতে আগুন দেওয়া হলে ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটানস ফোর্স (আইএসএএফ) বিমান হামলা চালায়।
"আইএসএএফ বিমান থেকে দুটি বাড়িতে বোমা ফেলে। দুর্ভাগ্যজনকভাবে তাতে ১৪ নিরাপরাধ বেসামরিক মানুষ নিহত ও ছয়জন আহত হয়।"
বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে সাতটি ছেলে ও পাঁচটি মেয়ে এবং দুইজন নারী রয়েছেন। আহত ছয়জনের মধ্যেও তিনটি শিশু রয়েছে।
বিমান হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়ার কথা স্বীকার করে আইএসএএফ'র এক মুখপাত্র বলেন, প্রকৃত ঘটনা বের করার জন্য ঘটনাস্থলে একটি পর্যবেক্ষক কমিটি পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৫১০ ঘ.
bdnews24