আম্মান, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে সরকারবিরোধী আরও আট আন্দোলনকারী।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের বিরুদ্ধে শুক্রবারও দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এ সময় বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ওপর গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
শুক্রবার সিরিয়ার হমস শহরে নিরাপত্তাবাহিনীর গুলিতে তিনজন, দামেস্কতে তিনজন, লেবাননের সীমান্তবর্তী শহর জাবাদানিতে একজন এবং ইডলিব শহরে একজন বিক্ষোভকারী নিহত হয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে প্রায় আড়াই মাসব্যাপী চলা সরকারবিরোধী এই আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে ১১শ'রও বেশি মানুষ।
আন্তর্জাতিক নানা মহল থেকে চাপ সৃষ্টি করা হলেও সিরীয় প্রেসিডেন্ট আসাদ আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন চালিয়েই যাচ্ছেন।
দমনপীড়নের জন্য বাশার আল আসাদের পিতা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদও সমালোচিত ছিলেন।
১৯৮২ সালে সিরিয়ায় হামা শহরে সুন্নি মুসলিম সম্প্রদায় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলে তৎকালীন প্রেসিডেন্ট হাফিজের নির্দেশে সেনাবাহিনী কঠোরভাবে সেই বিদ্রোহ দমন করে। এতে প্রাণ হারায় ৩০ হাজার মানুষ।
২০০০ সালে প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ মারা যাওয়ার পর তার স্থালাভিষিক্ত হন বাশার আল আসাদ।
সিরিয়ায় চলমান সরকারবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর দমনপীড়নের নিন্দা জানিয়ে প্রস্তাব তোলার জন্য জাতিসংঘের প্রতি গত বুধবার আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদভুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) দেশগুলো।
১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও পর্তুগাল নিন্দাপ্রস্তাবের জন্য একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করেছে। কিন্তু এতে পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র রাশিয়া ও চীন ভেটো দেওয়ার সম্ভাবনা রয়েছে।
খসড়া প্রস্তাবে বলা হয়, "সিরীয় কর্তৃপক্ষ হত্যা, অবৈধভাবে আটকসহ শান্তিপূর্ণভাবে সমাবেশকারীসহ মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের ওপর নির্যাতন চালাচ্ছে যা পরিকল্পিতভাবে মানবাধিকার লঙ্ঘণের শামিল।"
সিরীয় কর্তৃপক্ষ যা করেছে তা 'মানবতার বিরুদ্ধে অপরাধ'র সমতুল্য। এ কারণে আন্দোলনকারীদের ওপর কর্তৃপক্ষের দমনপীড়নের তথ্য উদঘাটনে জাতিসংঘের মানবাধিকার সংস্থার 'গ্রহণযোগ্য ও নিরপেক্ষ তদন্ত চালানোর দাবিও খসড়া প্রস্তাবে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০০ ঘ.
bdnews24