২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপোলিতে ন্যাটোর বিমান হামলা চলছেই

টানা চাররাত ধরে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 07:25 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ত্রিপোলি/মিসরাতা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টানা চাররাত ধরে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)। লিবিয়া সরকারের পক্ষ থেকে অস্ত্রবিরতির প্রস্তাব দেওয়া হলেও তা বিশ্বাসযোগ্য নয় বলে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। এরপরই দেশটির রাজধানীতে বিমান হামলা অব্যাহত রাখে ন্যাটো। বৃহস্পতিবার লিবীয় শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির কম্পাউন্ড থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ত্রিপোলিতে নিযুক্ত রয়টার্সের প্রতিনিধি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বেশ কয়েকটি বিস্ফোরণে রাজধানী কেঁপে উঠেছে এবং গাদ্দাফির আব আল-আজিজিয়া ঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। অন্যদিকে, বৃহস্পতিবার সকালে বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর মিসরাতায় গাদ্দাফি অনুগত বাহিনী ব্যাপক বোমা হামলা চালায়। আর ওই সময়েই ফ্রান্সের দুভিলে সমুদ্রতীরবর্তী কেন্দ্রে এক শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন জি-এইট নেতারা। সেখানে আরবদেশগুলোর পরিস্থিতি প্রাধান্য পাচ্ছে। লিবিয়া যুদ্ধেও অচলাবস্থা থেকে বেরিয়ে আসার পাশাপাশি তিউনিসিয়া এবং মিশরের জন্য সাহায্য কর্মসূচিও বিবেচনা করছেন নেতারা। শিল্পোন্নত দেশগুলোর জি-এইট জোটে রয়েছে, ফ্রান্স, জার্মানি, কানাডা, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়া। এদিকে, মিসরাতায় বিদ্রোহীদের মুখপাত্র সুলেইম আল-ফাকিহ জানিয়েছেন, তিনমাসধরে চলা লিবিয়ার গৃহযুদ্ধে গাদ্দাফি অনুগত বাহিনী বৃহস্পতিবার মিসরাতায় বিদ্রোহীদের ওপর ব্যাপক বোমা হামলা চালায়। এতে তিন বিদ্রোহী নিহত হয়েছে। এই হামলাকে এযাবৎ চালানো হামলাগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ বলে দাবি করেন ওই মুখপাত্র। আল-ফাকিহ বলেন, "আমরা তাদের (গাদ্দাফি অনুগত বাহিনী) লক্ষ করে গুলি চালানো শুরু করার পর তারা প্রথমে কিছু পিছু হটে। তারপরই আমাদের ওপর মর্টার শেল ছোঁড়া শুরু হয়।" স্পেন জানিয়েছে, তারাসহ আরো বেশ কয়েকটি রাষ্ট্রের সাথে লিবীয় প্রধানমন্ত্রী আলি-বাগদাদি আলি আল-মাহমৌদি আফ্রিকান ইউনিয়ন প্রস্তাবিত রোডম্যাপ অনুযায়ী দ্রুত অস্ত্রবিরতির একটি প্রস্তাব নিয়ে যোগাযোগ করেছেন। তবে ওই প্রস্তাবে, গাদ্দাফির ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা হয়নি। এ প্রসঙ্গে হোয়াইট হাউজের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বেন রোডস দুভিলে বলেন, যুক্তরাষ্ট্র লিবিয়ার এই নতুন অস্ত্রবিরতির প্রস্তাবকে বিশ্বাসযোগ্য মনে করছে না। রয়টার্সকে তিনি বলেন, লিবিয়া জাতিসংঘের দাবি পূরণে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। দেশটির সেনাবাহিনী এখনো সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। আর এ কারণেই যুক্তরাষ্ট্র সেনা অভিযানের ব্যাপারে সমর্থন দিয়ে যাবে। এদিকে, বিদ্রোহীদের অন্তর্র্বতীকালীন জাতীয় পরিষদের প্রধান মুস্তাফা আবদেল জলিল বলেছেন, শান্তির জন্য যে কোনো উদ্যোগ তারা সাদরে গ্রহণ করবেন। কিন্তু তা গাদ্দাফি, তার ছেলে ও প্রশাসনের শীর্ষকর্মকর্তাদের নির্বাসনে পাঠানোর মধ্য শুরু হতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১৫ ঘ.