সানা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেনে সরকার-বিরোধী বিক্ষোভ জোরদার হওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ'র অনুগতদের সঙ্গে বিরোধীদের তুমুল লড়াইয়ে গৃহযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।
সহিংসতা বাড়তে থাকায় ইয়েমেন ছেড়ে পালাচ্ছে মানুষ। যুক্তরাষ্ট্রও ইয়েমেন থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে।
ইয়েমেনে কয়েকমাসের সরকারবিরোধী বিক্ষোভ হঠাৎ করেই রূপ নিয়েছে আদিবাসী লড়াইয়ে।
প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ কে ক্ষমতা থেকে উৎখাত করতে সর্বশেষ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন প্রভাবশালী আদিবাসী নেতা শেখ সাদিক আল-আহমার।
ক্রমবর্ধমান বিক্ষোভের মুখেও সালেহ বারবার ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানানোয় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সালেহ বুধবারও বলেছেন, যারা তার পদত্যাগ চায় তাদেরকে আর কোনো ছাড় দেওয়া হবে না।
সালেহ'র এ অনড় অবস্থানের মুখে ইয়েমেনের রাস্তায় রাস্তায় তার পদত্যাগের দাবিতে বিক্ষোভরতদের সঙ্গে যোগ দিয়েছে আল-আহমার ও তার আদিবাসী সংগঠন হাসিদ।
আদিবাসী যোদ্ধারা রাজধানী সানায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনও দখল করে নিয়েছে বলে খবর পাওয়া গেছে।
সরকারি সেনা ও আদিবাসী যোদ্ধাদের মধ্যে তিনদিনের তুমুল লড়াইয়ের পর বিদ্রোহী আদিবাসী নেতা আহমারকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট সালেহ।
সশস্ত্র বিদ্রোহের জন্য আহমার এবং আরো ৯ জনকে বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
গত সোমবার সালেহ'র অনুগত বাহিনী হাসিদ নেতা আহমারের একটি কম্পাউন্ডে চড়াও হলে সংঘর্ষ শুরু হয়।
লড়াইয়ে ১৮ সরকারি সেনাসহ অন্তত ৫৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্রগুলো। আহত হয়েছে ২৫০ জনেরও বেশি মানুষ।
বুধবার আহমার আদিবাসী গ্রপের একটি অস্ত্র কারখানায় বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত ২৮ জন।
এরই মধ্যে এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, বিরোধীদের একটি টিভি স্টেশন ধ্বংস করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে মুখপাত্র বিস্তারিত কিছু জানান নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুপক্ষে সংঘর্ষ চলতে থাকায় ইয়েমেনিরা রাজধানী ছেড়ে পালাচ্ছে।
ওদিকে, মার্কিনীদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের এ মুহূর্তে ইয়েমেন ভ্রমণ নিষিদ্ধ করেছে। একইসঙ্গে ইয়েমেন থেকে মার্কিন কূটনীতিক ও অন্যান্য কর্মীদের সরিয়ে নিচ্ছে তারা।
মার্কিন দূতাবাস ছাড়াও অন্যান্য মার্কিন সংস্থা এবং এনজিও'র মার্কিন কর্মীদের দ্রুত ইয়েমেন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইয়েমেনে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও সেখানে বহু মার্কিনিই সপরিবারে বসবাস করছে।
তাদের যত দ্রুত সম্ভব ইয়েমেন ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিনিদের ওপর হামলা হওয়ার আশঙ্কায় এ পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগ বলেছে, "ইয়েমেনে অস্থিরতা এবং সন্ত্রাসী তৎপরতার কারণে নিরাপত্তায় চরম হুমকি বিরাজ করছে। দেশ জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়েছে এবং প্রধান প্রধান নগরীগুলোতে বড় ধরনের বিক্ষোভ চলছে।"
ইয়েমেন পরিস্থিতির অবনতিতে দেশটি ব্যর্থরাষ্ট্রে পরিণত হয়ে আঞ্চলিক নিরাপত্তায় হুমকি হয়ে উঠতে পারে বলে উদ্বেগ দেখা দিয়েছে।
সর্বসম্প্রতি ইয়েমেনের রাজধানী সানার উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে লড়াই চলছে। সেখানে আহমারের অনুগত যোদ্ধারা স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ অন্যান্য সরকারি বভনের দখল নেওয়ার চেষ্টা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৬ ঘ.
bdnews24