২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফির ওপর চাপ কমানো হবে না: ওবামা

ক্ষমতা থেকে হঠাতে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ওপর চাপ মোটেও কমানো হবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বুধবার একথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 02:54 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

লন্ডন, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) ক্ষমতা থেকে হঠাতে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ওপর চাপ মোটেও কমানো হবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বুধবার একথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। লিবিয়ায় চলমান ন্যাটো বিমান হামলা শিথিল করা হবে না জানিয়ে তিনি বলেন, তার বিশ্বাস এতে শেষ পর্যন্ত গাদ্দাফির পতন ঘটবে। তিনি আরো বলেন, "আমি পুরোপুরি বিশ্বাস করি গত কয়েক সপ্তাহে লিবিয়া অভিযানের অগ্রগতিতে গাদ্দাফি ও তার সরকারের এটা বোঝা উচিত, তাদের ওপর যে চাপ প্রয়োগে করা হচ্ছে তা কোনোভাবেই কমানো হবে না।" "গাদ্দাফিকে হঠনোর অভিযান যথেষ্ট গতি পেয়েছে বলেই আমরা মনে করি। এ অগ্রগতি ধরে রাখতে পারলে শেষপর্যন্ত গাদ্দাফিকে পদত্যাগ করতেই হবে। আর সে লক্ষ্য অর্জনে আমরা কাজ করে যাবো", বলেন ওবামা। তবে ন্যাটো হামলা এবং বিদ্রোহের মুখে গাদ্দাফি কতদিনে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হবেন সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো সময়সীমা ওবামা বলতে পারেননি। ওবামা ও ক্যামেরন দুজনই নতুন করে গাদ্দাফিকে পদত্যাগ করার আহ্বান জানান। ওদিকে, ক্যামেরন বলেন, লিবিয়া সরকারের ওপর চাপ আরো বাড়ানো উচিত বলেই মনে করেন তিনি। আর তা করতে ব্রিটেনের পক্ষ থেকে সব ধরনের বিকল্পই খতিয়ে দেখা হবে। এ সংবাদ সম্মেলনের আগে ১০ নং ডাউনিং স্ট্রীটে বৈঠক করেন দু'নেতা। তাদের আলোচনায় প্রাধান্য পায় লিবিয়া এবং আফগানিস্তানে যুদ্ধাভিযানের বিষয়টি। এছাড়াও মধ্যপ্রাচ্য, সিরিয়া, ইয়েমেন পরিস্থিতিসহ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এবং বিশ্ব অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টির বিষয় নিয়েও আলোচনা করেন ওবামা ও ক্যামেরন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে বিশেষ এবং আগের যে কোনো সময়ের চেয়ে দৃঢ় ও শক্তিশালী বলে উল্লেখ করেন ওবামা। আর দু'দেশের সম্পর্কের প্রশস্তি গেয়ে ক্যামেরন বলেন, দু'দেশের নিরাপত্তা ও সমৃদ্ধির স্বার্থে এ বন্ধন অপরিহার্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/২০৫১ ঘ.