২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগকারীর পোশাকে স্ট্রস-কানের ডিএনএ শনাক্ত

আইএমএফ এর সাবেক প্রধান ডমিনিক স্ট্রস-কানের ডিএনএ নমুনার সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগকারী হোটেলকর্মীর পোশাকে পাওয়া ডিএনএ'র নমুনা পুরোপুরি মিলে গেছে বলে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 10:50 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ওয়াশিংটন, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইএমএফ এর সাবেক প্রধান ডমিনিক স্ট্রস-কানের ডিএনএ নমুনার সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগকারী হোটেলকর্মীর পোশাকে পাওয়া ডিএনএ'র নমুনা পুরোপুরি মিলে গেছে বলে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' সোমবার তাদের প্রতিবেদনে এ ব্যাপারে এক ব্যক্তির উদ্ধৃতি দিয়ে ডিএনএ'র নমুনায় মিল পাওয়ার কথা জানিয়েছে। 'ওয়াল স্ট্রিট জার্নাল'ও এক প্রতিবেদনে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, পরীক্ষায় অভিযোগকারী নারীর শার্টে স্ত্রস কানের ডিএনএ এবং বীর্য পাওয়া গেছে। হোটেলে কক্ষের কার্পেট থেকে সংগ্রহ করা অপর একটি নমুনা পরীক্ষার ফলাফল এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। দুটি পত্রিকাই জানিয়েছে, স্ট্রস-কানের প্রধান আইনজীবী বেঞ্জামিন ব্রাফম্যান ডিএনএ নমুনা মিলে যাওয়া সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। আইএমএফ প্রধানের পদ থেকে সদ্য পদত্যাগকারী ডমিনিক স্ট্রস-কানের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগে বলা হয়েছে, তিনি ১৪ মে নিউ ইয়র্কের সোফিটেল হোটেলের ৩২ বছর বয়স্ক এক নারী কর্মীর শ্লীলতাহানির চেষ্টা করেছেন এবং তাকে যৌন নিপীড়ন করেছেন। জামিনে ছাড়া পেয়ে শুক্রবার থেকে কান নিউ ইয়র্কের একটি অ্যাপর্টমেন্টে গৃহবন্দি। ফ্রান্সে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সোমবার আইএমএফ এর সাবেক সহকর্মীদের কাছে লোখা চিঠিতে কান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, "আমার বিরুদ্ধে আনা অভিযোগ আমি দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করছি। অভিযোগগুলো মিথ্যে প্রমাণিত হবেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৪৬ ঘ.