শিকাগো, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিকল্পনায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত। সংস্থাটির কমপক্ষে একজন কর্মকর্তা এবং নৌবাহিনীর একজন ডুবুরি (ফ্রগম্যান) এ পরিকল্পনায় সহায়তা করেছে বলে জানিয়েছেন ডেভিড হ্যাডলি।
সোমবার যুক্তরাষ্ট্রের শিকাগো আদালতে দেওয়া সাক্ষ্যে এসব কথা জানান পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য মার্কিন নাগরিক ডেভিড হ্যাডলি ।
ডেভিড হ্যাডলিকে ২০০৮ সালে মুম্বাইয়ে হামলার লক্ষ্যস্থলগুলো সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য নিয়োগ করেছিল লস্কর-ই-তৈয়বা।
প্রায় একই অভিযোগে অর্থাৎ ভারতে গোয়েন্দা নজরদারির জন্য অপর এক কথিত লস্কর সহযোগী তাহাউর রানার বিচার চলাকালে দেওয়া সাক্ষ্যে হ্যাডলি এসব কথা বলেন। হ্যাডলি রানার ছেলেবেলার বন্ধু।
আদালতে দেওয়া সাক্ষ্যে হ্যাডলি আইএসআই'র দু'জন কর্মকর্তার কাছ থেকে সাহায্য ও নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করেন।
গত বছর মুম্বাই হামলার ষড়যন্ত্রে অন্যতম সহযোগী হিসেবে হ্যাডলিকে অভিযুক্ত করা হয়।
বাল্যবন্ধুর বিরুদ্ধে দেওয়া সাক্ষ্যে আদালতকে হ্যাডলি জানান, লস্কর-ই-তৈয়বাতে যুক্ত হওয়ার পর গোয়েন্দা নজরদারির জন্য সে ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছেন এবং রানাসহ বিভিন্ন সহযোগীদের কাছে বিস্তারিত তথ্য তুলে দিয়েছেন।
৫০ বছর বয়স্ক হ্যাডলি জানান, একটি মসজিদের ভিতরে অবসরপ্রাপ্ত একজন পাকিস্তানি সেনাকর্মকর্তার সাথে তাকে পরিচয় করিয়ে দেয়া হয়। লস্কর নেতাদের সাথে সাথে "মেজর ইকবাল" নামের আইএসআই'র ওই কর্মকর্তার কাছেও হ্যাডলি রিপোর্ট করত বলে আদালতে জানায়।
আইনজীবী ড্যানিয়েল কলিন্সের জেরার জবাবে হ্যাডলি বলেন, "আইএসআই'র তত্ত্বাবধানে দলগুলো পরিচালিত হত [...] তারাও আইএসআই'র সাথে সমন্বয় রক্ষা করত"।
হ্যাডলি জানান, তাকে মুম্বাইয়ের বিভিন্ন বিলাসবহুল হোটেল, মুম্বাই বাস ও ট্রেন স্টেশন, শিবসেনার অফিস এবং মুম্বাইয়ের উপকূল ভিডিও করার দায়িত্ব দেওয়া হয়। তবে তার নিজের ইচ্ছা ছিল কাশ্মীরিদের পক্ষে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা।
মেজর ইকবাল তাকে ২৫ হাজার ডলার দিয়েছিলেন এবং ভারতের পারমাণবিক গবেষণাগারগুলোতে নজরদারি করার নির্দেশ দিয়েছিলেন বলে জানান তিনি।
১৯৭১ সালে দশ বছরের বালক হ্যাডলি পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি স্কুলের ছাত্র ছিলেন। ভারতীয় বাহিনীর বোমার আঘাতে ওই স্কুলটি ধ্বংস হয়ে গেলে বালক হ্যাডলির মনে তীব্র ভারত বিদ্বেষ সৃষ্টি হয়।
তখন থেকেই মার্কিন নাগরিক হ্যাডলি ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকেন। ওই স্কুলে রানা ও হ্যাডলি একসাথে পড়াশোনা করেছিলেন।
২০০৮ সালে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার ১০ জনের একটি দল ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের তিনটি লক্ষ্যস্থলে হামলা চালায়। এতে ১৬৬ জন মানুষ নিহত হয়।
ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে ওই হামলায় অংশ নেওয়া ১০ জঙ্গির মধ্যে নয়জনই নিহত হয়। আটক একমাত্র জঙ্গি কাসাবকে আদালত মৃত্যুদন্ড দিলেও উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫০০ ঘ.
bdnews24