২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল ১৯৬৭ সালের সীমান্তে ফিরবে না: নেতানিয়াহু

ফিলিস্তিনের সাথে শান্তি স্থাপনে ১৯৬৭ সালের সীমান্তে ফিরে যাবে না বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 08:12 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিলিস্তিনের সাথে শান্তি স্থাপনে ১৯৬৭ সালের সীমান্তে ফিরে যাবে না বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ওয়াশিংটনে 'আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি'র (এআইপিএসি) এক সম্মেলনে দেওয়া ভাষণে তিনি একথা বলেন বলে আল জাজিরা জানায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, "প্রায় শতবছর ধরে এ সংঘর্ষ চলছে কেননা ফিলিস্তিনিরা এর অবসান চায় না। তারা ইহুদি রাষ্ট্র মেনে নিতে নারাজ। আর এ নিয়েই এখনো পর্যন্ত সংঘর্ষ চলছে।" তিনি আরো বলেন, "ফিলিস্তিনের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান কেবল ইসরায়েলের নিরাপত্তার মধ্যেই নিহিত। আর এ কারণেই ইসরায়েল ১৯৬৭ সালের সীমান্তে ফিরে যেতে পারে না।" নেতানিয়াহু জানান, মঙ্গলবার মার্কিন কংগ্রেসে তিনি যে ভাষণ দেবেন তাতে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে কেমন শান্তি প্রক্রিয়া চান তা তুলে ধরবেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, "ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া নিশ্চিত করতে আমি আমার পরিকল্পনা তুলে ধরবো। আমি রূঢ় সত্য কথা বলতে চাচ্ছি, যা কখনোই বলিনি। সাধারণভাবেই যা সত্য তার প্রতি মানুষের সচেতনতা সৃষ্টির জন্য সেই বিষয়টি ব্যাখ্যা করা আমাদের প্রয়োজন।" তিনি আরো বলেন, "এ অঞ্চলের জনগণ স্বাধীনতা চায়। তারা স্বাধীনতা ও সুযোগের জন্য উন্মুখ হয়ে আছে। সুতরাং সব অঞ্চলের সমস্যার জন্য ইসরায়েলকে দোষারোপ না করার সময় এসেছে।" নেতানিয়াহু বলেন, "মধ্যপ্রাচ্যে মহামারী আকারে যেসব সমস্যা রয়েছে তা সমাধানে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠাই সর্বরোগ নিরাময়কারী বটিকা নয়। এটি একটি মাত্র শব্দের মাধ্যমে পরিবর্তন করা যায়, আর তা হচ্ছে গণতন্ত্র, সত্যিকারের গণতন্ত্র।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪০০ ঘ.