ঢাকা, ২৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক আমাদের জন্য এবং বিশ্বের জন্য অপরিহার্য' বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটেনের প্রধানমন্ত্রী জেমস ক্যামেরন।
টাইমস-এ প্রকাশিত যৌথভাবে লিখিত এক প্রবন্ধে তারা এসব কথা বলেন বলে মঙ্গলবার বিবিসি জানায়।
টাইমসে প্রকাশিত ওবামা ও ক্যামেরনের যৌথভাবে লিখিত প্রবন্ধে দুই নেতা দুই দেশের সম্পর্কের প্রতি আলোকপাত করে বলেন, "আমাদের সম্পর্ক শুধু বিশেষ সম্পর্কের মধ্যেই আবদ্ধ নয়, এটি আমাদের জন্যও যেমন, বিশ্বের জন্যও অপরিহার্য এক সম্পর্ক।"
ওই প্রবন্ধে তারা বলেন, "যখন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য একসঙ্গে থাকে তখন আমাদের জনগণ এবং বিশ্বের জনগণ অনেক বেশি নিরাপদ ও অনেক বেশি সাফল্য লাভ করে।"
আরব দেশগুলোতে চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে সমর্থন তুলে নেবেন না বলে উভয়নেতা ঘোষণা দেন। "যারা অন্ধকারের মধ্যে আলো জ্বালাতে চায় তাদের সঙ্গেই অবস্থান করবেন" বলে জানান তারা।
"তাদের (আন্দোলনকারীদের) উদ্দীপনাকে যারা ঘৃণ্য বোমা, গুলি আর মর্টারের মাধ্যমে নস্যাৎ করতে চায় আমরা তাদের সাথে নেই" বলে প্রবন্ধে উল্লেখ করেন ওবামা ও ক্যামেরন।
দুই নেতা আরো বলেন, "আমরা শক্তিপ্রয়োগের বিরুদ্ধে, কিন্তু যখন আমাদের স্বার্থ এবং মূল্যবোধ একসাথে মিলে যায় তখন আমরা জানি কিছু করার দায়িত্ব আমাদের রয়েছে।"
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামার ইউরোপ সফরের দ্বিতীয় পর্যায়ে বর্তমানে লন্ডন অবস্থান করছেন।
আইসল্যান্ডের আগ্নেগিরি থেকে উদগীরিত ধোঁয়া ও ছাই মেঘের কারণে নির্ধারিত সময়ের একদিন আগেই তারা লন্ডন পৌঁছেন।
লন্ডন পৌঁছানোর পর ওয়েস্টসিনিস্টার অ্যাবে এবং ডাউনিংস্ট্রিট পরিদর্শনের আগে ওবামা ও মিশেলকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়।
যুক্তরাজ্যে নির্ধারিত দুইদিনের সফরকালে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের অতিথি হিসেবে বাকিংহাম প্রাসাদেই উঠবেন।
কিন্তু অনির্ধারিতভাবে একদিন আগেই উপস্থিত হওয়ায় প্রথম রাতটি লন্ডনে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে কাটাবেন বলে জানা গেছে।
যুক্তরাজ্য সফরকালে রানি এলিজাবেথের সাথে বাকিংহাম প্রাসাদে সাক্ষাৎ করার কথা রয়েছে ওবামার।
এছাড়াও প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাথে বুধবার লিবিয়া ও মধ্যপ্রাচ্য বিষয় নিয়ে ওবামা বৈঠক করবেন বলে জানা গেছে।
এরআগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এক সপ্তাহের ইউরোপ সফরের শুরুতে সোমবার আয়ারল্যান্ডে যান। পূর্বপুরুষের শেকড় সন্ধানে তিনি সেখানে ছোট্ট এক শহর পরিদর্শন করেন।
ওবামার মায়ের দিকের পূর্বপুরুষের বাস ছিলো আয়ারল্যান্ডের ওই শহরে।
যুক্তরাজ্য থেকে ফ্রান্সে গ্রুপ-৮ এর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ওবামা।
তারপর পোল্যান্ডে পূর্ব ইউরোপের নেতৃবৃন্দের সাথে বৈঠকের মধ্যদিয়ে তিনি ইউরোপ সফর শেষ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০৫ ঘ.
bdnews24