২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার প্রেসিডেন্ট বাশারের ওপর ইইউর নিষেধাজ্ঞা

সরকারবিরোধী আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন চালানোর অভিযোগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 04:50 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ব্রাসেলস, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকারবিরোধী আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন চালানোর অভিযোগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে সোমবার ই্ইউ নিষেধাজ্ঞা আরোপের এ পদক্ষেপ গ্রহণ করে। প্রেসিডেন্ট বাশারের সম্পদ জব্দসহ ই্ইউভুক্ত দেশসমূহে ভ্রমণের ওপরও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। ইইউভুক্ত ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ব্রাসেলসে বৈঠক করে সিরিয়ার প্রেসিডেন্ট ও তার সরকারের শীর্ষ ৯ কর্মকর্তাকে কালোতালিকাভুক্ত করার ব্যাপারে সম্মত হন। ব্রাসেলস বৈঠকে প্রবেশের আগ মুহূর্তে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ বলেন, "এই নির্মমতা অবশ্যই থামাতে হবে। সিরিয়ার জনগণের ন্যায়সঙ্গত দাবির প্রতি অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে।" এ মাসের প্রথম দিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভাই যিনি একজন সেনা কর্মকর্তা এবং সরকারের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাসহ সম্পদ জব্দের নির্দেশ দেয় ইইউ। পাশাপাশি দেশটির ওপর অস্ত্র নিষেধাজ্ঞাও আরোপ করা হয়। এদিকে, লন্ডনে অবস্থানরত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন বন্ধে প্রেসিডেন্ট বাশারের প্রতি আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক সংস্কারের দাবিতে শুরু হওয়া গণআন্দোলন ঠেকাতে সরকারি বাহিনী এ পর্যন্ত প্রায় ১ হাজার মানুষকে হত্যা করেছে বলে দাবি করেছেন হিলারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩৬ ঘ.