ইসলামাবাদ, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র চালক বিহীন বিমান (ড্রোন) হামলা বন্ধ না করলে পাকিস্তান পাল্টা জবাব দিতে বাধ্য হবে। ড্রোন হামলা বন্ধের আর্জি জানিয়ে যুক্তরাষ্ট্রকে এমন কথাই বলেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থার (আইএসআই) পরিচালক আহমাদ সুজা পাশা।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা (সিআইএ)'র উপ-পরিচালক মাইকেল মোরেলের সঙ্গে শনিবারের বৈঠকে পাশা ড্রোন হামলা বন্ধের অনুরোধ জানান।
একইসঙ্গে তিনি এও বলেন, "আপনারা ড্রোন হামলা বন্ধের কোনো পরিকল্পনা না করলে আমরা এর জবাব দিতে বাধ্য হবো।"
রোববার পাকিস্তানের স্থানীয় দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন রোববার এ খবর দিয়েছে।
রাজধানী ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেন কিভাবে ৫ বছরেরও বেশি সময় লুকিয়ে ছিলেন, তা ব্যাখ্যা করার জন্য যুক্তরাষ্ট্র পাকিস্তানকে চাপ দিয়ে আসছে।
ইসলামাবাদ মার্কিন কমোন্ডো অভিযানে দেশের মাটিতে ওসামা বিন লাদেন হত্যার ঘটনাটিকে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসাবেই দেখে আসছে।
তাছাড়া, পাকিস্তানের সীমান্ত এলাকায় যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান হামলা নিয়েও পাকিস্তান এর আগে কয়েকবার ক্ষোভ প্রকাশ করেছে।
ড্রোন হামলা পাকিস্তানের জন্য সহায়ক নয় বরং অনেক বেশি ক্ষতিকর বলে মন্তব্য করেছেন পাকি সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/২০৪০ ঘ.
bdnews24