করাচি, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---পাকিস্তানের করাচিতে নৌ-বাহিনীর একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়ে ঢুকে পড়া জঙ্গিদের সঙ্গে প্রায় ১৬ ঘণ্টা লড়াইয়ের পর ঘাঁটিটি আবার নিয়ন্ত্রণে ফিরিয়ে এনেছে সামরিক বাহিনী।
মাত্র ৬ জন তালেবান জঙ্গি এ হামলা চালিয়েছিলো বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক।
ঘাঁটিটি থেকে এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, "অভিযান শেষ হয়েছে। মূল ভবন এখন জঙ্গিমুক্ত।"
জঙ্গিরা মেহরান নৌ বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং কয়েকজনকে জিম্মিও করে বলে খবর পাওয়া যায়।
হামলায় ঘাঁটির অন্তত একটি বিমান ধ্বংস হয়। নিহত হয় কমপক্ষে ১০ জন এবং আহত হয় ২০ জন। ঘাঁটির মূল ভবনও চলে যায় জঙ্গিদের দখলে।
ওসামা বিন লাদেন হত্যার প্রতিশোধ হিসাবেই এ হামলা চালানো হয়েছে বলে জানায় তালেবানরা। ১৫-২০ জনের মতো জঙ্গি এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া যায়।
কিন্তু পরে রেহমান মালিক জানান, হামলায় ৬ জঙ্গি জড়িত বলেই মনে করছেন তিনি।
তিনি জানান, বন্দুকযুদ্ধে তিন জঙ্গি নিহত হয়েছে। ৪র্থ আরেকজনের মৃতদেহ ভবনের ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েছে এবং আরো দুই জঙ্গি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। জঙ্গিদের বয়স ২০ থেকে ২৫।
তারা মই দিয়ে দেয়াল বেয়ে উঠে কঁটাতারের বেড়ার ওপর দিয়ে লাফ দিয়ে ঘাঁটিতে প্রবেশ করে বন্দুক ও গ্রেনেড হামলা চালায় বলে জানান মালিক।
এ হামলার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে সামরিক বাহিনীর সুরক্ষায় পাকিস্তানের সেনাবাহিনীর সক্ষমতার বিষয়টি।
হামলার ঘটনাকে 'কাপুরুষোচিত' আখ্যা দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, "এ হামলায় পাকিস্তানের সরকার ও জনগণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দায়বদ্ধতা থেকে পিছু হটবে না।"
গত ২ মে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডো হামলায় আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হন। বিন লাদেন হত্যার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় জঙ্গিরা। ইতোমধ্যে জঙ্গিরা বেশ কয়েকটি হামলা চালিয়েছে।
করাচির এ হামলা ২০০৯ সালে রাওয়ালপিন্ডিতে সেনা সদরদপ্তরে হামলার কথা স্মরণ করিয়ে দেয়। দেশটির সবচেয়ে সুরক্ষিত স্থাপনাও যে এখন সন্ত্রাসী হামলার ঝুঁকির মুখে রয়েছে- সে বিষয়টিই আবার আলোচনায় উঠে এলো।
গত কয়েক বছরে পাকিস্তানে অসংখ্য বোমা হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে, যেগুলোর কিছুকিছুর তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে (টিটিপি) দায়ী করা হয়। অন্য হামলাগুলোর জন্য আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীগুলোকে দায়ী করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৬৩৩ঘ.
bdnews24