বাগদাদ, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের মধ্যাঞ্চলে দু'জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। তবে কোথায় এবং কিভাবে তারা নিহত হয়েছেন সে সম্পর্কে বিস্তরিত কিছু জানানো হয়নি।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, ইরাকের মধ্যাঞ্চলে অভিযান চালানোর সময় রোববার দু'জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন।
গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডোদের আকস্মিক হামলায় আল কায়েদার প্রতিষ্ঠাতা নেতা ওসামা বিন লাদেন নিহত হন। ওসামা নিহত হওয়ার পর তার অনুসারীরা প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়।
ওই ঘটনার পর এই প্রথম ওই অঞ্চলে মার্কিন সেনা নিহত হল।
রোববার ইরাকের রাজধানী বাগদাদ ও আশপাশের এলাকায় কয়েকদফা বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত ও ৭৪ জন আহত হয়েছে বলে জানায় ইরাকি নিরাপত্তা কর্মকর্তারা। নিহতদের মধ্যে কোন মার্কিন সেনা রয়েছে কিনা সে সম্পর্কে কিছু বলা হয়নি।
নিহতদের মধ্যে ১১জন ইরাকি সেনা বলে জানায় বাগদাদের নিরাপত্তা মুখপাত্র মেজর জেনারেল কাসিম আল-মুসাভি।
রোববার বাগদাদের ২০ কিলোমিটার উত্তরে তাজি শহরের প্রধান সড়কে একটি তল্লাশি কেন্দ্রের বাইরে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করার সময় অপর একটি চলন্ত গাড়ি সেনাদলটির মধ্যে গিয়ে বিস্ফোরিত হয়।
দ্বিতীয় গাড়ি হামলাটি ছিল আত্মঘাতী। এতে ১১ সেনাসহ হামলাকারী গাড়িচালক নিজেও নিহত হয়। ঘটনায় আহত হয় আরো ২৩ জন।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র হতাহতরা পুলিশ সদস্য বলে জানিয়েছিল।
এবছরের শেষ নাগাদ ইরাকে আট বছরের দখলদারিত্ব শেষে অবশিষ্ট ৪৭ হাজার মার্কিন সেনা দেশে ফিরে যাবে। এরপর দেশটির নিরাপত্তার ভার ইরাকি বাহিনীর দায়িত্বে চলে যাবে।
মার্কিন বাহিনী বর্তমানে প্রধানত ইরাকি নিরাপত্তা বাহিনীগুলোর প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার কাজ করছে।
নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ করে ইরাকে প্রায়ই হামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪৬ ঘ.
bdnews24