করাচি, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের করাচিতে রোববার রাতে নৌবাহিনীর মেহরান বিমানঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান।
এ হামলাকে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার প্রতিশোধ বলে সোমবার দাবি করেছে তারা।
তালেবান মুখপাত্র এহসানউল্লাহ এহসান অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে রয়টার্সকে বলেন, "শহীদ ওসামা বিন লাদেন হত্যার প্রতিশোধ এটি। আমরা এখনো একতাবদ্ধ ও শক্তিশালী, এ হামলা তারই প্রমাণ"।
এদিকে, মেহরান বিমানঘাঁটিতে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে বলে বিবিসি জানিয়েছে।
এরআগে এক গোয়েন্দা কর্মকর্তা জানান, হামলায় অন্তত চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। ঘাঁটির একটি পি-৩ বিমানও এসময় ক্ষতিগ্রস্ত হয় বলে স্থানীয় একটি টেলিভিশন জানিয়েছে।
হামলাকারীদের সঙ্গে সেনাদের সংঘর্ষের সময় দূর থেকে বিস্ফোরণ ও গোলগুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাঁটি থেকে কালো ধোঁয়াও উড়তে দেখা গেছে।
স্থানীয় প্রশাসন বলছে, ১৫ থেকে ২০ জন জঙ্গি এ হামলায় অংশ নেয়।
এ হামলাকে 'কাপুরুষোচিত' আখ্যায়িত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, "এ হামলায় পাকিস্তানের সরকার ও জনগণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দায়বদ্ধতা থেকে পিছু হটবে না।"
গত ২ মে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডো হামলায় আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হন। বিন লাদেন হত্যার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় জঙ্গিরা।
ইতোমধ্যে জঙ্গিরা বেশ কয়েকটি হামলা চালিয়েছে।
করাচির এ হামলা ২০০৯ সালে রাওয়ালপিন্ডিতে সেনা সদরদপ্তরে হামলার কথা স্মরণ করিয়ে দেয়। দেশটির সবচেয়ে সুরক্ষিত স্থাপনাও যে এখন সন্ত্রাসী হামলার ঝুঁকির মুখে রয়েছে- সে বিষয়টিই আবার আলোচনায় উঠে এলো।
গত কয়েক বছরে পাকিস্তানে অসংখ্য বোমা হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে, যেসব ঘটনার বেশ কয়েকটির জন্য তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে (টিটিপি) দায়ী করা হয়।
অন্য হামলাগুলোর জন্য আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীগুলোকে দায়ী করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/জেকে/সিআর/০৯৪৩ ঘ.
bdnews24