করাচি, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের করাচিতে রোববার রাতে নৌবাহিনীর একটি বিমানঘাঁটিতে জঙ্গিহামলায় অন্তত চারজন নিহত হয়েছে।
দেশটির সবচেয়ে বড় এ শহরে নৌবাহিনীর মেহরান বিমান ঘাঁটিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাহির নাভিদ।
এক গোয়েন্দা কর্মকর্তা জানান, হামলায় অন্তত চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। ঘাঁটির একটি পি-৩ বিমানও এসময় ক্ষতিগ্রস্ত হয় বলে স্থানীয় একটি টেলিভিশন জানিয়েছে।
হামলাকারীদের সঙ্গে সেনাদের সংঘর্ষের সময় দূর থেকে বিস্ফোরণ ও গোলগুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাঁটি থেকে কালো ধোঁয়াও উড়তে দেখা গেছে।
স্থানীয় প্রশাসন বলছে, ১৫ থেকে ২০ জন জঙ্গি এ হামলায় অংশ নেয়।
এ হামলাকে 'কাপুরুষোচিত' আখ্যায়িত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, "এ হামলায় পাকিস্তানের সরকার ও জনগণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দায়বদ্ধতা থেকে পিছু হটবে না।"
গত ২ মে যুক্তরাষ্ট্রের আকস্মিক অভিযানে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন নিহত হন। ওই ঘটনার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় জঙ্গিরা। ইতোমধ্যে তারা কয়েক জায়গায় হামলাও চালিয়েছে।
করাচির এ হামলা ২০০৯ সালে রাওয়ালপিন্ডিতে সেনা সদরদপ্তরে হামলার কথা স্মরণ করিয়ে দেয়। দেশটির সবচেয়ে সুরক্ষিত স্থাপনাও যে এখন সন্ত্রাসী হামলার ঝুঁকির মুখে রয়েছে- সে বিষয়টিই আবার আলোচনায় উঠে এলো।
গত কয়েক বছরে পাকিস্তানে অসংখ্য বোমা হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে, যেগুলোর কিছুকিছুর তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে (টিটিপি) দায়ী করা হয়। অন্য হামলাগুলোর জন্য আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গ্র"পগুলোকে দায়ী করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/জেকে/০২২০ ঘ.
bdnews24