ইয়ামুসোকরো, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আইভরি কোস্টের নতুন প্রেসিডেন্ট হিসাবে শনিবার যাত্রা শুরু হয়েছে আলাসানে ওয়াত্তারার। তার এই অভিষেকের মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হবে বলেই আশা করছে জনগণ।
ওয়াত্তারার অভিষেক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজিসহ আফ্রিকার অনেক নেতাই উপস্থিত ছিলেন।
সাবেক প্রেসিডেন্ট ল্যঁরা বাগবোর সঙ্গে দীর্ঘ ক্ষমতার লড়াইয়ের পর ওয়াত্তারা প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন।
উদ্বোধনী ভাষণে তিনি বলেন, "আইভরিবাসীদের জন্য এ এক ঐতিহাসিক দিন। আইভরি কোস্টের ইতিহাসে নতুন অধ্যায় রচনার আকাঙ্খার প্রতিফলন ঘটেছে এই দিনে।"
"সঙ্কটকে পেছনে ফেলে আইভরি কোস্টের আন্তর্জাতিক ও আফ্রিকার দৃশ্যপটে ফিরে আসার দিনটিই আজ আমরা উদযাপন করছি। "
আইভরি কোস্টে গত নভেম্বরের নির্বাচনের পর লরা বাগবোর সঙ্গে তার প্রতিপক্ষ আলাসানে ওয়াত্তারার মধ্যে ক্ষমতার লড়াইয়ে বহু মানুষ নিহত হয়।
আন্তর্জাতিক সম্প্রদায় ওয়াত্তারাকে আইভরি কোস্টের প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দিলেও তার হাতে ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানান বাগবো।
পরে জাতিসংঘ ও ফরাসি বাহিনীর হস্তক্ষেপে অচলাবস্থার অবসান ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৩ ঘ.
bdnews24