ওয়াশিংটন, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৯৬৭ সালের সীমান্তে ফিরে যাওয়ার প্রস্তাবকে 'অগ্রহণযোগ্য' উল্লেখ করে সরাসরি তা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রতি ওই প্রস্তাব দেন।
তিনি বলেন, "১৯৬৭ সালের সীমানা অনুযায়ী সমঝোতার ভিত্তিতে ইসরায়েল ও ফিলিস্তিনের সীমান্ত নির্ধারিত হওয়া উচিৎ, যাতে উভয় রাষ্ট্রই নিরাপদ সীমারেখা নিশ্চিত করতে পারে।"
কিন্তু শুক্রবার ওয়াশিংটনের ওভাল অফিসে ওবামার সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র কাল্পনিক কোনো শান্তি পরিকল্পনা নিয়ে অগ্রসর হলে মধ্যপ্রাচ্যের কঠিন বাস্তবতায় তা ভেস্তে যেতে বাধ্য।
প্রেসিডেন্ট ওবামাকে তিনি বলেন, শান্তির জন্য সমঝোতায় ইসরায়েলের আপত্তি ছিল না। কিন্তু ১৯৬৭ সালের সীমান্তে ফিরে যাওয়ার প্রস্তাব একেবারেই 'অগ্রহণযোগ্য'।
ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে দূরত্ব যে ক্রমশ বাড়ছে- নেতানিয়াহুর এই বক্তব্যের মধ্যে দিয়ে তা আরো স্পষ্ট হয়ে উঠলো।
বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টে দেওয়া ভাষণে ওবামা বলেন, "ফিলিস্তিনি জনগণের স্বশাসনের অধিকার অবশ্যই রয়েছে। পাশাপাশি অন্য রাষ্ট্রের মতো সার্বভৌমত্ত্বের অধিকারও তাদের রয়েছে।"
শুক্রবার নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় এ বিষয়টি আবারো তুলে ধরেছেন বলে বৈঠকের পর সাংবাদিকদের জানান ওবামা।
গত বছর ওবামার উদ্যোগে ইসরায়েল ও ফিলিস্তিনকে আলোচনার টেবিলে ফিনিয়ে আনার চেষ্টা চললেও বসতি স্থাপন নিয়ে ইসরায়েলের কঠোর অবস্থান এবং ফিলিস্তিনি নেতাদের ওয়াকআউটের মধ্য দিয়ে তা ভেস্তে যায়।
যুক্তরষ্ট্রে নেতানিয়াহুর এই সফরেও যে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনের কোনো আশা নেই, তা স্পষ্ট হয়ে উঠেছে তার কথাতেই।
ওবামার সঙ্গে বৈঠকের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, "আমার কেন যেন মনে হচ্ছে- ওয়াশিংটন আমাদের বাস্তবতাই বুঝতে পারছে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০১১৯ ঘ.
bdnews24