২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে লোকসানের মুখে টেপকো প্রধানের পদত্যাগ

জাপানে ফুকুশিমা পরমাণু কেন্দ্রের সঙ্কটে ১৫শ কোটি ডলার লোকসানের পর শুক্রবার পদত্যাগ করেছেন টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) প্রেসিডেন্ট মাসাতাকা শিমিজু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

টোকিও, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জাপানে ফুকুশিমা পরমাণু কেন্দ্রের সঙ্কটে ১৫শ কোটি ডলার লোকসানের পর শুক্রবার পদত্যাগ করেছেন টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) প্রেসিডেন্ট মাসাতাকা শিমিজু। টেপকো জানায়, জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ক্ষয়ক্ষতি এবং তেজস্ক্রিয়তা বিপর্যয়ের সমস্ত দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন শিমিজু। তার স্থলাভিষিক্ত হচ্ছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তোশিও নিশিজাওয়া। টোকিওয় টেপকোর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে শিমিজু নতজানু হয়ে বক্তব্য রাখেন। ফুকুশিমা পরমাণু কেন্দ্রে চুল্লি বিস্ফোরণ ঘটে তেজস্ক্রিয়াতা ছড়িয়ে পড়ে মানুষের দুর্ভোগ ও উদ্বেগ উৎকণ্ঠার জন্য ক্ষমা প্রার্থনাও করেন তিনি। এ সময় তার পাশেই দাঁড়িয়ে ছিলেন নিশিজাওয়া। মার্চের শেষে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান টেপকো মোট লোকসানের যে হিসাব দিয়েছে তা জাপানের কর্পোরেটের ইতিহাসে সবচেয়ে বড় লোকসান। ১১ মার্চের ভূমিকম্পের পর টেপকোর শেয়ারের দামও ৮০ শতাংশের বেশি কমে যায়। তাছাড়া, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা কেন্দ্র নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টার সময় টেপকো প্রধান শিমিজু প্রায় দু'সপ্তাহ জনসম্মুখে না আসার কারণেও কোম্পানিটির নেতৃত্বে দুর্বলতা নিয়ে সমালোচনা শুরু হয়। এখন শিমিজুর বিদায়ে কোম্পানিটির ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে এর দায়িত্ব নিচ্ছেন নিশিজাওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪১ ঘ.