ত্রিপোলি, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ন্যাটো জোটের মহাসচিব আন্দ্রে ফ রাসমুসেন বৃহস্পতিবার বলেছেন, সামরিক-রাজনৈতিক চাপে লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির অবস্থান দিন দিন দুর্বল হয়ে পড়ছে। ফলে শেষ পর্যন্ত তার পতন ঘটবে।
লিবিয়ার সরকার গাদ্দাফির স্ত্রী, কন্যা এবং শীর্ষ তেল কর্মকর্তার দেশ ত্যাগের খবর অস্বীকার করার পর ন্যাটো প্রধান একথা বললেন।
লিবিয়ার কর্মকর্তারা ওই তিনজনের অবস্থান সম্পর্কে কোনো প্রমাণ হাজির করতে পারেনি। এতে করে ব্যাপক বিদ্রোহ এবং ন্যাটো হামলার মুখে গাদ্দাফির ঘনিষ্ঠজনদের ধরে রাখার সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় এক সংবাদ সম্মেলনে রাসমুসেন বলেন, "গাদ্দাফির যুদ্ধযন্ত্রকে আমরা অনেকটাই অকেজো করে ফেলেছি। এখন আমরা তার ফল দেখতে পাচ্ছি। বিরোধীরা ঘুরে দাঁড়াচ্ছে।"
"প্রচ- সামরিক চাপ, বাড়তে থাকা রাজনৈতিক চাপ এবং বিরোধীপক্ষে সমর্থন বাড়তে থাকায় শেষ পর্যন্ত গাদ্দাফির শাসনের পতন ঘটবেই।"
এর আগে তিউনিসীয় নিরাপত্তা বাহিনীর এক সূত্র জানায়, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির স্ত্রী সাফিয়া গাদ্দাফি ও কন্যা আয়েশা গাদ্দাফি তিউনিসিয়ার সীমান্ত অতিক্রম করেছেন।
তবে তারা কূটনীতিক মিশনে নাকি নিরাপদ আশ্রয়ের খোঁজে সীমান্ত অতিক্রম করেছেন এ বিষয়ে সুস্পষ্ট কোনোকিছু জানা যায়নি।
তাছাড়া লিবিয়ার বিদ্রোহী কর্মকর্তারাসহ তিউনিসিয়ার সরকারি কয়েকটি সূত্রও রয়টার্সকে জানায়, লিবিয়ার শীর্ষ তেল কর্মকর্তা শোকরি ঘানেম তিউনিসিয়া হয়ে লিবিয়া ত্যাগ করেছেন। তবে তিনি কোথায় গেছেন তা স্পষ্ট জানা যায়নি।
তবে লিবিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী খালেদ কাইম এবং সরকারের প্রধান এক মুখপাত্র ত্রিপোলিতে রয়টার্সকে বলেছেন, ঘানেম স্বপদেই বহাল থেকে কাজ করে যাচ্ছেন। তিনি দেশের বাইরে রয়েছেন এবং আবার দেশে ফিরবেন।
আর গাদ্দাফির পরিবারের সদস্যরাও লিবিয়াতেই আছেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/২১৩৩ ঘ.
bdnews24