তালোকান, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তালোকান শহরে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে ৪ বেসামরিক নাগরিকের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ কয়েকশ মানুষের তুমুল বিক্ষোভে বুধবার অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৮০ জন।
তাখার প্রদেশের তালোকান শহরে কোদাল ও কুড়াল নিয়ে রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ শ শ মানুষ। মার্কিন বিরোধী ও আফগান সরকার বিরোধী স্লোগান দেয় তারা।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের বিলবোর্ডে পাথর এবং কাদা ছুড়ে মারে বিক্ষুব্ধ জনতা। স্লোগান দেয় 'কারজাই নিপাত যাক', 'আমেরিকা নিপাত যাক' ধ্বনিতে।
কাছাকাছি একটি বিদেশি সামরিক ঘাঁটিতে চড়াও হওয়ারও চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ ও আফগান নিরাপত্তারক্ষীরা বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে।
ন্যাটো বাহিনীর রাত্রিকালীন অভিযানে আফগানিস্তানের উত্তরাঞ্চলে ২ নারী ও ২ পুরুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক হাসপাতালের প্রধান কর্মকর্তা।
স্থানীয় পুলিশ ও অধিবাসীরা জানিয়েছে, ন্যাটো নেতৃত্বাধীন আইএসএএফ বাহিনী মঙ্গলবার রাতে একটি বাড়িতে অভিযান চালানোর সময় ওই ৪ জনকে হত্যা করে। তারা সবাই ছিলো বেসামরিক নাগরিক।
তবে, আইএসএএফ বলছে, নিহতরা সবাই সশস্ত্র জঙ্গি।
পুরুষ শাসিত আফগানিস্তানে নারী যোদ্ধা খুবই বিরল। চিহ্নিত গুটিকয়েক নারী যোদ্ধার অধিকাংশই বিদেশি। ন্যাটো অভিযানে নিহত দুই নারীর জাতীয়তা সম্পর্কে কিছু জানাতে পারেননি ন্যাটোর মুখপাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৪ঘ.
bdnews24