ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণহত্যার অভিযোগে রুয়ান্ডার সাবেক সেনাপ্রধান অগাস্টিন বিজিমুনগুকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে জাতিসংঘের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
রুয়ান্ডায় ১৯৯৪ সালে মাত্র ১০০ দিনে প্রায় ৮ লাখ আদিবাসী তুতসি ও উদারপন্থী হুতুরা গণহত্যার শিকার হয়।
বিজিমুনগু ওই সময় রুয়ান্ডার সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। তার সঙ্গে অপর দুজনকেও পৃথকভাবে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে বিবিসি জানায়।
গণহত্যার হোতাদের বিচারে রুয়ান্ডার পার্শ্ববর্তী তানজানিয়ার আরুশায় স্থাপিত আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিটিআর) বিজিমুনগু ও এনদিএনদিলিমানাই দণ্ডপ্রাপ্ত শীর্ষস্থানীয় ব্যক্তি।
রুয়ান্ডার প্রধান আইন কর্মকর্তা মার্টিন এনগোগা রয়টার্সকে বলেন, "আইসিটিআর-এর এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। যদিও অনেক মানুষই মনে করে সে (বিজিমুনগু) সর্বোচ্চ দণ্ড পাওয়ার উপযুক্ত।"
বিজিমুনগু ২০০২ সালে এঙ্গোলায় গ্রেপ্তার হন। আদালত তার রায়ে জানায়, ১৯৯৪ সালে সেনাপ্রধান হিসেবে অধীনস্তদের ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিলো।
অপরদিকে এনদিএনদিলিমানাইয়ের দণ্ড প্রসঙ্গে আদালত জানায়, তার 'সীমিত ক্ষমতা' ছিলো। পাশাপাশি হত্যা করার ব্যাপারে তিনি অস্বীকৃতিও জানিয়েছিলেন বলে আদালত জানায়।
২০০০ সালে বেলজিয়ামে আটক হওয়ার পর ইতোমধ্যে ১১ বছর কারাগারে কাটিয়েছেন। তাকে মুক্তি দেওয়া হয়েছে।
এনদিএনদিলিমানাই ছিলেন রুয়ান্ডার তৎকালীন আধাসামরিক পুলিশ বাহিনীর প্রধান।
বিবিসির উইল রস জানিয়েছেন, আদালতের রায় শোনার পর ৫৯ বছর বয়সী বিজিমুনগু স্থির বসেছিলেন।
তার বিরুদ্ধে গণহত্যা ও ঘরবাড়ি পোড়ানোর নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়।
এ ছাড়া মেজর ফ্রাঙ্কোইস জাভিয়ার এনজুওনেমেইয়ে ও তার ডেপুটি ক্যাপ্টেন ইনোসেন্ট সাগাহুটুকেও পৃথক ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তাদের নির্দেশে তৎকালীন রুয়ান্ডার প্রধানমন্ত্রী আগাদি উইলিংইমানাকে হত্যা করা হয়। আগাদিকে রক্ষার জন্য জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ১০ বেলজিয়ান সদস্য নিয়োজিত ছিলেন। তারাও এ সময় নিহত হন। এর ফলশ্রুতিতে রুয়ান্ডা থেকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন গুটিয়ে নেওয়া হয়।
১৯৯৪ সালের ৬ এপ্রিল রুয়ান্ডার প্রেসিডেন্ট জুভেনাল হ্যাবিয়ারমানা নিহত হলে এই দেশটিতে জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়ে।
রাজধানী কিগালির কাছে প্রেসিডেন্টের বিমানে গুলি করা হলে সেটি বিধ্বস্ত হয়ে নিহত হন তিনি।
তুতসি আরপিএফ বিদ্রোহীরা প্রেসিডেন্ট জুভেনাল হ্যাবিয়ারমানাকে হত্যা করেছে বলে দাবি করে। কিন্তু এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিদ্রোহীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৫৪ ঘ.
bdnews24