জেরুজালেম, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এ স্বীকৃতি দেওয়া এবং জাতিসংঘে ফিলিস্তিনের অন্তর্ভুক্তির পক্ষ সমর্থনের আহ্বান জানান তিনি।
মঙ্গলবার 'নিউ ইয়র্ক টাইমস' এ প্রকাশিত এক মতামত কলামে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ আহ্বান জানান।
এতে তিনি লেখেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চাপ অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি বসতি স্থাপনা নির্মাণ বন্ধ করতে পারেনি। সেইসঙ্গে তিনি আরো বলেন, "নিজেদের একটি রাষ্ট্রের জন্য ফিলিস্তিনিরা অনন্তকাল ধরে অপেক্ষা করে থাকতে পারে না।"
তিনি আরো লেখেন, "সব বন্ধুত্বপূর্ণ ও শান্তিপ্রিয় রাষ্ট্রকে ১৯৬৭ সালের সীমানা অনুসারে আমাদের রাষ্ট্রের স্বীকৃতির আকাঙ্খা এবং জাতিসংঘে এ রাষ্ট্রের অন্তর্ভূক্তিকে সমর্থনের আহ্বান জানাচ্ছি।"
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের তিনদিন আগে আব্বাসের এ মতামত কলামটি প্রকাশিত হল।
এ সফরে নেতানিয়াহু হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে জাতিসংঘ স্বীকৃতির বিষয়ে যুক্তরাষ্ট্র নিশ্চুপ রয়েছে। তবে শান্তি প্রক্রিয়া ব্যাহত করতে পারে এমন একপাক্ষিক পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য তারা দু'পক্ষকেই আহ্বান জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২২২১ ঘ.
bdnews24