২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে আইএমএফ প্রধান

যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ডমিনিক স্ট্রস-কানের জামিন আবেদন নাকচ হওয়ার পর তাকে নিউ ইয়র্কের কুখ্যাত রিকার্স আইল্যান্ড কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 07:39 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

নিউ ইয়র্ক, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ডমিনিক স্ট্রস-কানের জামিন আবেদন নাকচ হওয়ার পর তাকে নিউ ইয়র্কের কুখ্যাত রিকার্স আইল্যান্ড কারাগারে পাঠানো হয়েছে। নিউ ইয়র্কের একটি আদালতে সোমবার কানের জামিন আবেদন নাকচ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তাকে রিকার্স জেলে পাঠানো হয়। ২০ মে তাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। রিকার্স জেলের একটি ১১ ফুট বাই ১৩ ফুট সেলে তাকে রাখা হয়েছে। জেলের অন্যান্য কয়েদিদের আক্রমণ থেকে রক্ষার জন্য তাকে ওই নিরাপত্তা সেলে রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জামিনের আবেদন নাকচের কারণ হিসেবে বিচারক বলেন, স্ট্রস-কান (৬২) জামিনে মুক্ত হলে প্যারিসে পালিয়ে যেতে পারেন। শনিবার জন এফ কেনেডি বিমানবন্দরে এয়ার ফ্রান্সের একটি বিমান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্যারিসের উদ্দেশে বিমানটি যাত্রা করার কয়েক মিনিট আগে গ্রেপ্তার হন তিনি। রোববার স্থানীয় সময় রাত সোয়া দুইটার দিকে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার তাকে নিউ ইয়র্ক আদালতে হাজির করা হয়। ফ্রান্সের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ৬২ বছর বয়সী স্ট্রস-কান স্যোশালিস্ট পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছিল। আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠেয় ওই নির্বাচনের প্রায় ১ বছর আগে যুক্তরাষ্ট্রে এ কেলেঙ্কারিতে জড়ালেন তিনি। ৩২ বছর বয়সী এক নারীর অভিযোগের ভিত্তিতে স্ট্রস-কানকে আটক করা হয়। স্ট্রস-কান নিউ ইয়র্কের যে হোটেলে ছিলেন, অভিযোগকারী নারী সে হোটেলেরই কর্মী। তিনি যৌনাকাক্সক্ষা থেকে তার ওপর চড়াও হন বলে ওই নারীর অভিযোগ। পুলিশ জানায়, নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের কাছের বিলাসবহুল সোফিটেল হোটেলে শনিবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে। এরপর ওই হোটেলকর্মীকে কাছের রুজভেল্ট হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। নিউ ইয়র্ক পুলিশের মুখপাত্র পল ব্রাউন জানান, "ওই নারী গোয়েন্দা কর্মকর্তাদের বলেছেন, বাথরুম থেকে নগ্ন হয়ে বেরিয়ে স্ট্রস-কান তাকে ধাওয়া করেন। তখন হোটেলের প্রবেশ কক্ষে যাওয়ার পথে দাঁড়িয়ে ছিলেন ওই নারী। তাকে ধরে একটি বেডরুমে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন শুরু করেন কান।" ওই নারী তার কাছ থেকে ছুটে গেলে কান তাকে বাথরুমে যাওয়ার পথে ফেলে ধর্ষণের চেষ্টা চালান। স্ট্রস-কান তাকে হোটেল কক্ষে আটকে রাখারও চেষ্টা করেন। " স্ট্রস-কান কোনো কূটনৈতিক ছাড় পাবেন না বলে জানান ব্রাউন। অভিযোগ প্রমাণিত হলে স্ট্রস-কানের সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত সাজা হতে পারে। নারী কেলেঙ্কারিতে এর আগেও জড়িয়েছেন স্ট্রস-কান। ক্ষমতার অপব্যবহার করে ২০০৮ সালে আইএমএফ'র উচ্চপদস্থ এক নারী অর্থনীতিবিদের সঙ্গে ঘটনার জন্য ক্ষমাও চাইতে হয় তাকে। ১৯৬৭ সালে প্রথম বিয়ের পর আরো দুজনকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন তিনি। বর্তমান স্ত্রী সাংবাদিক অ্যান সিনক্লেয়ারকে বিয়ে করেন ১৯৯১ সালে। ১৯৯০ এর দশকে ফ্রান্সের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রপথিক হিসেবে পরিচিত স্ট্রস-কান ১৯৪৯ সালের ২৫ এপ্রিল প্যারিসের পশ্চিমাঞ্চলীয় নিউলিতে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করে অর্থনীতির অধ্যাপক হিসেবে চাকরি করার পাশাপাশি ১৯৭৭ সালে স্যোশালিস্ট পার্টিতে যোগ দেন তিনি। ১৯৯১ সালে স্ট্রস-কান ফরাসি সরকারের শিল্পমন্ত্রীর দায়িত্ব নেন। ১৯৯৫ সালে প্যারিসের উত্তরাঞ্চলীয় সার্সেই'র মেয়র নির্বাচিত হন তিনি। ১৯৯৭ সালে নির্বাচনে জয়ী হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেও দুই বছর পর ১৯৯৯ সালে পদত্যাগ করেন। এরপর ২০০৭ সালের নভেম্বর মাসে ৫ বছরের জন্য আইএমএফ'র ব্যবস্থাপনা পরিচালক মনোনীত হন স্ট্রস-কান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/এমআই/এবি/সিআর/১৩৩৩ ঘ.