হংকং, ১৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানে মার্চের ভয়াবহ সুনামি ও ভূমিকম্পে টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ার পর রোগীদের কাছে পৌঁছতে টুইটারের সাহায্য নিয়েছিলেন চিকিৎসকরা।
টুইটারের বার্তায় তারা রোগীদেরকে জানিয়ে দেয় জীবন বাঁচানোর জন্য চিকিৎসা পেতে তাদেরকে কোথায় যেতে হবে।
শুক্রবার প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞান বিষয়ক সাময়িকী 'ল্যানসেট'- এ প্রকাশিত এক চিঠিতে যুইচি তামুরা ও কেইচি ফুকুদা নামক দুজন চিকিৎসক জানিয়েছেন, যখন তারা বুঝতে পারলেন ভূমিকম্প বিধ্বস্ত পরিস্থিতিতে তারা টোলফোনে রোগীদের কাছে পৌঁছতে পারছেন না তখন ৬০ জন রোগীকে টুইট পাঠিয়ে তাদের সাথে যোগাযোগ করেন তারা।
রোগীরা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া ঠেকাতে কোথায় ওষুধ খুঁজে পাবে টুইটারে সে নির্দেশনা দেন চিকিৎসকরা।
পুরো জাপানে সব মিলিয়ে এ ধরনের রোগী প্রায় ১ হাজার জন। এ রোগ খুব বেশি লোকের মধ্যে দেখা যায়না। আর এ রোগের বিরল ওষুধ সরবরাহ করার মতো হাসপাতালও খুব বেশি নেই।
টোকিওতে অবস্থিত কেইয়ো বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন কার্ডিয়োলজি বিভাগ একথা জানায়।
১১ মার্চের ভূমিকম্প ও সুনামিতে জাপানে প্রায় ২৫ হাজার লোক নিহত বা নিখোঁজ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫৮ঘ.
bdnews24