ত্রিপলি, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-কান্না, শ্লোগান, ফাঁকাগুলির মধ্য দিয়ে ৯ ইমামের দাফন সম্পন্ন করেছে লিবিয়া। এ ইমামরা ন্যাটোর বিমান হামলায় মারা গেছে বলে দাবি করেছে দেশটি।
তবে ন্যাটোর দাবি তারা একটি নিয়ন্ত্রণ ও পরিচালনা কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে।
জাতিসংঘের 'বেসামরিক নাগরিকদের রক্ষা'র অংশ হিসেবে ন্যাটো লিবিয়ায় বোমা হামলা চালাচ্ছে। লিবিয়ার নেতা গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত এ হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে জোটটির কয়েকটি সদস্য রাষ্ট্র।
লিবিয়া সরকার জানায়, শুক্রবার পূর্বাঞ্চলের শহর ব্রেগার একটি অতিথিশালায় হামলায় নিহত ১১ জনের মধ্যে এ ৯ ইমামও ছিলেন। বাকী দুজনকে অন্যত্র দাফন করা হয়েছে।
ত্রিপোলি বন্দরের কাছে একটি কবরস্থানে ওই ইমামদের দাফন করা হয়। দাফন অনুষ্ঠানে সামিল প্রায় ৫ শতাধিক লোক এ সময়, "ঈশ্বর তাদের জলে, স্থলে ও আকাশে পরাজিত করুক' বলে দুয়ো দেয়।
বেসামরিক হত্যার অভিযোগের জবাবে ন্যাটো থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, "বেসামরিক নাগরিক হতাহতের অভিযোগ সম্পর্কে আমরা অবহিত। তবে এ অভিযোগের সত্যতা যাচাই করতে না পারলেও আমরা এ ধরনের কোনো প্রাণহানির ঘটনার জন্য দুঃখিত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪৩ ঘ.
bdnews24