পোর্ট অব প্রিন্স, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাইতির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জনপ্রিয় গায়ক মাইকেল মার্টেলি। পপ সঙ্গীতের শিল্পী মার্টেলি হাইতিবাসীর কাছে 'সুইট মিকি' নামে পরিচিত।
হাইতির অস্থায়ী পার্লামেন্ট ভবনে শনিবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মার্টেলি। ২০১০ সালের জানুয়ারির ভূমিকম্পে বিধ্বস্ত হয় পুরনো পার্লামেন্ট ভবন। জাতিসংঘের সহায়তায় সেখানে নতুন ভবন নির্মাণের কাজ চলছে।
মার্চে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করেন ৫০ বছর বয়সী মার্টেলি।
শপথ নেওয়ার পর ভূমিকম্প বিধ্বস্ত হাইতির পুনর্গঠন, দেশের উন্নয়ন ও একটি যুগপোযোগী সামরিক বাহিনী গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
২০১০ সালের ১২ জানুয়ারি ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩ লাখ ১৬ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ৩ লাখ মানুষ আহত হয়। গৃহহীন হয় প্রায় ১০ লাখ মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এএইচ/কেএমএস/২১৫৭ ঘ.
bdnews24