২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুজানে মুবারকের ১৫ দিনের আটকাদেশ

মিশরের ক্ষমতাচ্যুৎ প্রেসিডেন্ট হোসনি মুবারকের স্ত্রী সুজানে মুবারককে ১৫ দিনের আটকাদেশ দিয়েছে দুর্নীতি দমন সংস্থা। দুর্নীতির অভিযোগ তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 12:31 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

কায়রো, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের ক্ষমতাচ্যুৎ প্রেসিডেন্ট হোসনি মুবারকের স্ত্রী সুজানে মুবারককে ১৫ দিনের আটকাদেশ দিয়েছে দুর্নীতি দমন সংস্থা। দুর্নীতির অভিযোগ তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইলিসিট গেইনস অথোরিটি নামের ওই সংস্থা শুক্রবার সুজানেকে আটকাদেশ দেওয়ার পাশাপাশি মুবারকের আটকাদেশও ১৫ দিন বাড়িয়েছে। 'অবৈধ সম্পদ অর্জন'র অভিযোগে হোসনি মুবারককে ১৩ এপ্রিল আটক করা হয়। সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। টানা ১৮ দিনের গণবিক্ষোভের মুখে ১১ ফেব্রুয়ারি ক্ষমতা ছাড়েন মিশরের ৩০ বছরের প্রেসিডেন্ট মুবারক। পর্যটন নগরী শারম আল-শেখ হাসপাতালের পরিচালক মোহাম্মদ ফাথাল্লাহ বলেছেন, আটকাদেশের খবর শোনার পর সুজানে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার রক্তচাপ বেড়ে গেছে এবং হার্ট অ্যাটাক হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ৭০ বছর বয়সী সাবেক এ ফার্স্ট লেডিকে আগামী ২৪ ঘণ্টা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণ করা হবে। এ সপ্তাহের শুরুর দিকে নিজের নামে থাকা একটি ব্যাংক অ্যাকাউন্ট ও বিলাসবহুল একটি বাড়ি নিয়ে সুজানেকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই অ্যাকাউন্টে ৩০ লাখ ডলারের বেশি রয়েছে। ক্ষমতায় থাকাকালে মুবারক ও তার পরিবারের সদস্যরা অবৈধভাবে কয়েকশ' কোটি ডলারের সম্পদ অর্জন করেছে বলে অভিযোগ রয়েছে। ইতোমধ্যে কায়রো ও সুইজারল্যান্ডে থাকা মুবারক ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এছাড়া মুবারক, তার স্ত্রী, দুই ছেলে ও তাদের স্ত্রীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং তাদের সম্পদ জব্দ করা হয়েছে। মুবারকের অনেক মন্ত্রীকেও আটক করা হয়েছে। আটক হয়েছেন তার সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখা অনেক ব্যবসায়ীও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/১৮২৮ ঘ.