২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন বাদল সরকার

ভারতের বিশিষ্ট নাট্যবক্তিত্ব বাদল সরকার আর নেই। শুক্রবার রাতে তিনি কলকাতায় নিজ বাসভবনে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 09:44 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের বিশিষ্ট নাট্যবক্তিত্ব বাদল সরকার আর নেই। শুক্রবার রাতে তিনি কলকাতায় নিজ বাসভবনে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। বার্ধক্যজনিত কারণেই তিনি মারা গেছেন বলে আনন্দবাজার জানায়। বাদল সরকার ১৯২৫ সালের ১৫ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম সুধীন্দ্রনাথ সরকার। ১৯৬৭ সালে তিনি গঠন করেন নাট্য সংগঠন 'শতাব্দী'। প্রথম জীবনে অভিনয় করলেও ক্রমে তিনি নির্দেশনা ও তত্ত্বগত প্রয়োগের ক্ষেত্রে মনোযোগী হয়ে ওঠেন। আর তার এই মনযোগই পরবর্তীকালে তাকে পৃথক, বিশিষ্ট ও খ্যাতিমান করে তোলে। নাট্যের তত্ত্বগত প্রয়োগের মাধ্যমে তিনি নতুন একটি ধারার সূচনা ও বিকাশে তৎপর হন। একে তিনি 'থার্ড থিয়েটার' নামে চিহ্নিত করেন। ১৯৭০-এর দশকের শুরু থেকে তিনি এ ধারায় নাট্যচর্চা শুরু করে আজীবন তাতেই বিশ্বস্ত ও স্থিত ছিলেন। ভারতে এ ধারার নাট্যচর্চায় তাকে পথিকৃৎ বিবেচনা করা হয়। এ ছাড়া নাটক রচনাতেও তিনি স্বাতন্ত্র্যের পরিচয় দিয়েছেন। তার বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে এবং ইন্দ্রজিৎ, বাকি ইতিহাস, সারা রাত্তির ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫৩৫ ঘ.